নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ও শ্রমিকসহ চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইলের কালিহাতীতে দুই শ্রমিক, বগুড়ার কাহালুতে এক ব্যবসায়ী ও চট্টগ্রামের পতেঙ্গায় এক গার্মেন্টকর্মী রয়েছেন।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নির্মাণশ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের মুক্তার আলী (৪৫) ও একই গ্রামের জহের আলী (৪০)।
পুলিশ জানায়, কালিহাতী উপজেলার ঘুনি-সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে ২০ নির্মাণশ্রমিক পিকআপভ্যানে বাড়ি ফিরছিলেন। তারা কালিহাতী উপজেলার বাংড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস পিকাআপের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা ১২ নির্মাণশ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডের সামনে সড়ক দুর্ঘটনায় মনি আক্তার (২৭) নামে এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনি আক্তার, চন্দনাইশ উপজেলার দোহাজারী দিয়াকুল এলাকার বাসিন্দা। তিনি কর্ণফুলী ইপিজেডের একটি গার্মেন্ট কারখানায় কর্মরত ছিলেন।
হাসপাতালে আনয়নকারী আরেক গার্মেন্টকর্মী কিসমত আরা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিল মনি আক্তার। সেখান থেকে সিএনজি অটোরিকশা করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে হাসাপাতালে আনা হয়। হাসপাতালে আনার ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, ‘মঙ্গলবার সকালে পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডের সামনে থেকে সড়ক দুর্ঘটনায় আহত মনি আক্তারকে হাসপাতালে আনা হয়। সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা জানান, বগুড়ার কাহালুতে গরু বোঝাই ভটভটি উল্টে আমিনুল শেখ (৪০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে কাহালু-বগুড়া সড়কের শীতলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল উপজেলার জয়তুল গ্রামের রিয়াজ শেখের ছেলে। কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার জানান, একটি ভটভটিতে কয়েকটি গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাওয়ার পথে ভটভটি উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যান আমিনুল। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।



