হাসিনাকে প্রকাশ্যে বক্তব্য রাখতে দেয়া আন্তঃরাষ্ট্রীয় প্রথার লঙ্ঘন : পররাষ্ট্র মন্ত্রণালয়

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের রাজধানী দিল্লিতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে ঘৃণা ছড়ানো বক্তব্য রাখতে দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশীসুলভ নীতিবিরোধী, যা আন্ত:রাষ্ট্রীয় সম্পর্কের প্রথার লঙ্ঘন। এতে পরিষ্কারভাবেই বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি অশ্রদ্ধা জানানো হয়েছে। এটি ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে একটি ভয়ঙ্কর নজির স্থাপন করেছে, যা ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য ভারতের সাথে কাজ করা এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক স্থাপনে গুরুতর বাধা সৃষ্টি করতে পারে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অভিমত ব্যক্ত করা হয়েছে। গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অডিও বার্তা দিয়েছেন। সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে সাবেক নয়, বরং ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসাবে পরিচয় দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা পাঁচ দফা কর্মসূচিও ঘোষণা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক শেখ হাসিনাকে গত ২৩ জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ দেয়া বাংলাদেশ সরকার ও জনগণকে বিস্মিত ও শঙ্কিত করেছে। অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে উৎখাতের আহ্বান জানিয়েছেন এবং তার দলের অনুগত ও সাধারণ মানুষকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উসকানি দিয়েছেন। বাংলাদেশ সরকার বারবার তাগাদা দিলেও ভারত সরকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে ফেরত দেয়নি। বরং শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে উসকানিমূলক বক্তব্য রাখার সুযোগ দেয়া হয়েছে। এটি বাংলাদেশকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ নেতৃত্বের নির্লজ্জ উসকানি দলটির কার্যক্রম নিষিদ্ধ করার যৌক্তিকতা আবারো তুলে ধরেছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সম্ভাব্য সহিংতার জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং দলটির অশুভ ষড়যন্ত্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।