চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের মাছ ধরা ও বাবার ভাতার টাকা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার লাঠির আঘাতে ছোট ভাই রদশা দাস (৪৫) নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের বড় ভাইয়ের স্ত্রী সাবিত্রী দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত বড় ভাই ভূষণ দাস ও ভাতিজা অনিমেশ দাস পলাতক রয়েছেন।
গত বুধকার রাতে উপজেলার পশ্চিম সাঁইতাড়া গ্রামের জালিয়া পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা রামবাবু সাধুর দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বাবার ভাতার টাকা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ছোট ভাই রদশার পুকুরের কিছু মাছ হালচাষের সময় মারা গেলে তা কুড়িয়ে নেন বড় ভাইয়ের স্ত্রী। এ নিয়ে ঝগড়ার জের ধরে রাতে বাজার থেকে ফেরার পথে রদশার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালান বড় ভাই ভূষণ ও ভাতিজা অনিমেশ।
আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে পরদিন সকালে রদশা মারা যান। চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর বড় ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।



