ভারত থেকে আসছে ট্রেনের কোচ

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে প্রথমবারের মতো ভারত থেকে যাত্রীবাহী ট্রেনের কোচ আসছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই হবে ভারত থেকে বাংলাদেশে ট্রেনের কোচ সরবরাহের প্রথম চালান। গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আগামী জুলাই মাসেই ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের একটি পূর্ণাঙ্গ রেক বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

ভারতীয় রেলওয়ের রফতানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম চালানের ২০টি কোচ এরই মধ্যে রফতানির জন্য প্রস্তুত রয়েছে। একই সময়ে হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, ভারত থেকে ৯১৫ কোটি রুপির বিনিময়ে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। জুলাইয়ে আসতে যাওয়া ২০টি কোচ সেই চুক্তিরই অংশ।

বর্তমানে ভারতীয় রেলওয়ের রফতানি শাখা ‘রাইটস’ বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটির কাজ চলছে।

২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চুক্তিটি পায় রাইটস। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে এসব কোচ তৈরি করা হচ্ছে। শুধু কোচ সরবরাহ নয়, ট্রেনের নকশা, প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং বাংলাদেশী কর্মীদের প্রশিক্ষণের দায়িত্বও পালন করবে প্রতিষ্ঠানটি।