জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাপ্পি (৫৫) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার দুপুরে মরহুমের নামাজে জানাজা দিনাজপুর ছয়রাস্তার মোড় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এবং লালবাগ গোরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয় । রোববার রাত সাড়ে ৮টায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। গোলাম মোস্তফা বাপ্পির মৃত্যুতে জাগপা, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য ও অন্যান্য সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। জাগপার কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। এ ছাড়া গোলাম মোস্তফা বাপ্পির মৃত্যুতে দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুস সালেহীন, জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবির, এনসিপি শ্রমিক উইং কেন্দ্রীয় কমিটির সদস্য মো: রেজাউল ইসলাম, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল আ’লা মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জাগপার সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দিনাজপুর প্রতিনিধি।



