প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি জগতে এক নতুন অধ্যায় সূচিত করে কাঠের নকশায় তৈরি বিশ্বের প্রথম মাদারবোর্ড উন্মোচন করেছে গিগাবাইট। ‘এক্স ৮৭০ ই অ্যারো এক্স থ্রিডি উড’ নামের এই মাদারবোর্ডটিতে প্রাকৃতিক কাঠের নকশা ও উষ্ণ রঙের ব্যবহার এই মাদারবোর্ডকে প্রচলিত প্রযুক্তিপণ্য থেকে আলাদা করেছে। মাদারবোর্ডটিতে রয়েছে উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে ব্যবহৃত উন্নত ভিআরএম তাপ সুরক্ষা প্রযুক্তি, তাপ পরিবাহী পাইপ, এম. টু তাপ সুরক্ষা ব্যবস্থা এবং বিশেষ পিসিবি তাপ প্লেটের মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ সক্ষমতা প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে দীর্ঘ সময় ভারী কাজের ক্ষেত্রেও স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাবে।
এক্স৮৭০ইঅ্যারো এক্স থ্রিডি উড মাদারবোর্ডটি তৈরি করা হয়েছে এএমডি সকেট এএম ফাইভ প্ল্যাটফর্মের ওপর। এতে রাইজেন নয় হাজার, আট হাজার ও সাত হাজার সিরিজের প্রসেসর ব্যবহারের সুবিধা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক্স থ্রিডি টার্বো মোড দুই পয়েন্ট শূন্য প্রযুক্তির মাধ্যমে প্রসেসরের কর্মক্ষমতা আরো বাড়ানো সম্ভব হবে। মাদারবোর্ডটিতে ডিডিআর ফাইভ মেমোরি ব্যবহারের সুবিধা রয়েছে, যা নয় হাজার মেগাট্রান্সফার প্রতি সেকেন্ড পর্যন্ত গতিতে পরিচালনা করা যাবে। শক্তিশালী ডিজিটাল ১৬+২+২ ফেজ ভিআরএম বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও দক্ষ শক্তি সরবরাহ নিশ্চিত করে।
গ্রাফিক্স ব্যবস্থার জন্য এতে দুটি পিসিআই এক্সপ্রেস ৫.০ স্লট রয়েছে, যার মাধ্যমে একসঙ্গে দু’টি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা সম্ভব। পাশাপাশি চারটি এম.টু স্টোরেজ স্লট যুক্ত করা হয়েছে, যেখানে পিসিআই এক্সপ্রেস ৫.০/ ৪.০ এক্সফোর প্রযুক্তি সাপোর্ট করবে। আট স্তরের ব্যাক ড্রিলিং পিসিবি প্রযুক্তি সিগন্যাল প্রতিফলন কমিয়ে সিস্টেমের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। নেটওয়ার্ক ও সংযোগ সুবিধার মধ্যে রয়েছে ডুয়াল ফাইভজিবিই এলএএন সংযোগ এবং উচ্চক্ষমতার অ্যান্টেনাসহ ওয়াই-ফাই সেভেন সুবিধা। এছাড়া ডুয়াল ইউএসবি ফোর টাইপ সি পোর্ট, ডিসপ্লে আউটপুট সুবিধাসহ এইচডিএমআই সংযোগের ব্যবস্থাও রাখা হয়েছে এটিতে।
গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, বৈশ্বিক বাজারে উন্মোচিত নতুন এই মাদারবোর্ড খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। দেশের বাজারে একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেড।



