রাঙ্গামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার, জননিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। গতকাল শনিবার সকালে রাঙ্গামাটি পৌরসভাসংলগ্ন মৃধা ভবনের তৃতীয় তলায় সংগঠনটির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হয়।
পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান ফিতা কেটে ও দোয়া-মুনাজাতের মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মোক্তার আহমেদ। রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছসহ পিসিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পাহাড়ে বসবাসরত বাঙালিসহ সব সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা, সমান সুযোগ নিশ্চিতকরণ ও নাগরিক নিরাপত্তার দাবিতে পিসিএনপি কাজ করছে।



