নিজস্ব প্রতিবেদক
বায়ুদূষণে বিশ্বের এক শ’ নগরীকে ছাড়িয়ে শীর্ষে ঢাকা। এ ছাড়া রাজধানীর মধ্যে আটটি স্থানে বায়ুর মান ভীষণ খারাপ। স্থানগুলো হলো নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড, ধানমন্ডি, দক্ষিণ পল্লবী, বেচারাম দেউড়ি, মিরপুরের ইস্টার্ন হাউজিং, বেজ এইজ ওয়াটার, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও গোড়ান।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের স্থানীয় উৎসগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না। এসব উৎস নিয়ন্ত্রণে আদৌ সেভাবে কোনো চেষ্টা করা হয়নি। ঢাকার বায়ুদূষণের উৎসগুলোর মধ্যে আছে যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, বিভিন্ন দ্রব্য পোড়ানোর কারণে সৃষ্টি ধোঁয়া, ইটভাটা।
বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউএয়ার।
গত জানুয়ারি মাসের অর্ধেকের বেশি সময় ধরে বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছেন নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা এখন বেশি অনুভূত হচ্ছে।
ঢাকার একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেগুলোয় শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৎবাঁধা কিছু কথা আর লোকদেখানো উদ্যোগ ছাড়া এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই করা হয়নি বলে মত পর্যবেক্ষক-বিশেষজ্ঞদের।
দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।
গতকাল সকালে ঢাকার বায়ুর মান ছিল ২৫৯। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। নগরীর একটি স্থানে আজ দূষণের মাত্রা ৪০০-এর বেশি। এ অবস্থা ‘বিপর্যয়কর’। এ স্থানটিসহ নগরীর আট স্থানে আজ দূষণ পরিস্থিতি খুব খারাপ।
এই সময়ে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা ও মিসরের রাজধানী কায়রো। নগর দু’টির বায়ুর মান যথাক্রমে ২৪৭ ও ২২৭। বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।



