বিবিসি
জাহাজের বিকট ফগহর্ন বাজিয়ে একটি ঘুমন্ত মেরুভল্লুকের বিশ্রাম বিঘিœত করার অপরাধে এক বোটচালককে চার লাখ টাকার বেশি জরিমানা দিতে হয়েছে। বন্যপ্রাণীকে অনাবশ্যক বিরক্ত করার আইনি বিধিনিষেধ অমান্য করায় তার বিরুদ্ধে এই দৃষ্টান্তমূলক আর্থিক শাস্তি জারি করা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে উত্তর মেরু থেকে আনুমানিক ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের স্যালবার্ড দ্বীপপুঞ্জের উপকূলে এই ঘটনা ঘটে। বিবিসির বরাতে জানা গেছে, একটি পাহাড়ি সমুদ্র-খাঁড়ি দিয়ে ভ্রমণের সময় জাহাজের যাত্রীরা তীর ঘেঁষে একটি মেরুভল্লুককে বিশ্রামরত অবস্থায় দেখতে পান। প্রাণীটির নাড়াচাড়া দেখার উদ্দেশ্যে জাহাজের চালক ইচ্ছাকৃতভাবে উচ্চ শব্দে ফগহর্ন বাজান। এতে আকস্মিক আতঙ্কে ভল্লুকটি ঘুম থেকে জেগে দ্রুত স্থান পরিবর্তন করে নিরাপদ দূরত্বে সরে যায়। বিষয়টি তৎক্ষণাৎ নজরে এলে স্থানীয় প্রশাসন আইনি তৎপরতা শুরু করে। স্যালবার্ডের গভর্নর লারস ফাউস এক বার্তায় উল্লেখ করেন, জলযানের একজন সদস্য হর্ন বাজিয়ে ঘুমন্ত প্রাণীটিকে আতঙ্কিত করে তাড়িয়ে দিয়েছেন। অভিযুক্ত চালক নিজের অপরাধ স্বীকার করে নিয়ে ৫০ হাজার নরওয়েজীয় ক্রোনার (বাংলাদেশী টাকায় সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকার সমপরিমাণ) জরিমানা পরিশোধে সম্মত হয়েছেন।



