শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
সারের ডিলারশিপ বাতিল এবং সার সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা শহরের কবিরপুর তিন রাস্তা মোড়ে শৈলকুপাবাসীর ব্যানারে বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নেয়। এ সময় পাঁচ দফা দাবি জানিয়ে সার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়।
বিক্ষোভ সমাবেশে আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষক সংগঠক অ্যাডভোকেট লাবাবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতা মিজানুর রহমান বাবলু, সেলিম রেজা ঠাণ্ডু, রাশেদ আহমেদ, কৃষক আব্দুর রহিম, বিশারত হোসেন, হাবিবুর রহমান, জহুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রকৃত কৃষকের ডেটাবেইজ করা, সারের সুষ্ঠু বণ্টন, সরকারি দামে সরাসরি কৃষক পর্যায়ে সার সরবরাহ, ন্যায্য দাম নিশ্চিত ও প্রান্তিক কৃষকের জন্য সহজ ঋণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।



