জনপ্রতিনিধিরা তরুণ ও শিক্ষার্থীদের মূল্যায়নে ব্যর্থ হয়েছেন : ডাকসু ভিপি

Printed Edition
পটুয়াখালীতে কৃতী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সাদিক কায়েম  : নয়া দিগন্ত
পটুয়াখালীতে কৃতী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সাদিক কায়েম : নয়া দিগন্ত

পটুয়াখালী প্রতিনিধি ও বাউফল সংবাদদাতা

গত ৫৫ বছরে দেশের সংসদ সদস্য, মন্ত্রী ও জনপ্রতিনিধিরা তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, নেতৃত্বের এই ব্যর্থতার কারণেই দীর্ঘ ৫৫ বছর ধরে জাতি একই বৃত্তের মধ্যে বারবার আবর্তিত হচ্ছে। যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশের মাটিতে সেরাদের সেরা হলেও দেশ তাদের কাছ থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না।

শুক্রবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই দিনে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত অপর এক সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি বক্তব্য দেন।

শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে দুই সেশনে মোট ৩০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। প্রথম সেশনে সদর উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬ জন এবং ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ১৬৪ জন শিক্ষার্থীকে বরণ করা হয়। দ্বিতীয় সেশনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

বক্তব্যে ডাকসু ভিপি বলেন, দায়িত্ব গ্রহণের পর গত ১১ মাসে ডাকসু যে উন্নয়ন ও সংস্কারমূলক কাজ করেছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে নজিরবিহীন। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পদক্ষেপ নেয়ায় ক্যাম্পাসে অপরাধ, মারামারি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে এবং শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়েছে। তিনি শিক্ষার্থীদের সুলতান মোহাম্মদ আল ফাতিহর বিজয়ের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাউফলে অনুষ্ঠিত পৃথক সংবর্ধনায় বাউফল উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ১২৯ জন শিক্ষার্থী ও তাদের প্রতিষ্ঠানপ্রধানদের সম্মাননা দেয়া হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, জিপিএ ৫ জীবনের চূড়ান্ত সাফল্য নয়, বরং এটি উচ্চশিক্ষার একটি ধাপ মাত্র। মেধার পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর আইনবিষয়ক সম্পাদক জাকারিয়া আহম্মেদ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মু: মাজহারুল ইসলাম এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।