ক্রীড়া ডেস্ক
কোপা সুদামেরিকানার শেষ ১৬-এর প্রথম লেগে ২-১ গোলে জিতেছে সান্তোস। ভিলা বেলমিরো স্টেডিয়ামে ইকুয়েডরের ক্লাব মাকারাকে হারিয়েছে নেইমার জুনিয়ররা। সান্তোসের জয়ে দু’টি গোলেই সরাসরি অবদান রেখে ম্যাচের নায়ক ব্রাজিলিয়ান সুপারস্টার। নেইমারের অসাধারণ নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে ব্রাজিলের ক্লাবটি।
ম্যাচের ৫ মিনিটে ফরোয়ার্ড ফ্রাঙ্কো পোসের দারুণ গোলে এগিয়ে যায় মাকারা। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিটে আগে নেইমারের দুর্দান্ত ভিশন ও পাসিং দক্ষতায় ডান দিক থেকে পাওয়া পাস বাঁ পায়ে নিয়ন্ত্রণ নিয়ে বাড়ান গ্যাব্রিয়েল বারবোসাকে। নিখুঁত ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান বারবোসা। ৭৬ মিনিটে কর্নার পায় সান্তোস। কিক নিতে আসেন নেইমার। তার করা কর্নারে বল পেয়ে সান্তোসের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন উইলিয়ান আরাউ।
ম্যাচ শেষে দলের সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমরা ৩-০ বা ৪-০ গোলে জিতব না। আমাদের দলের বাস্তবতাই এখন এমন। আমাদের কষ্ট করতে হবে, সান্তোস এখন এমন দলই হয়ে গেছে। আমাদের লড়াই করে এগোতে হবে, আমরা যদি ঐক্যবদ্ধ হই, অনেক দূর যাওয়া সম্ভব।’
প্রথম লেগে ২-১ ব্যবধানের এই মূল্যবান জয় নিয়ে দ্বিতীয় লেগের মুখোমুখি হবে সান্তোস। ইকুয়েডরের আম্বাতোতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৫৮০ মিটার উঁচুতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিরতি লেগে কেবল একটি ড্র’ই কোপা সুডামেরিকানার কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেবে ব্রাজিলিয়ান জায়ান্টদের।


