নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি। পরে তিনি মহান আল্লাহর দরবারে স্বাধীনতা যুদ্ধে নিহত সব শহীদের রূহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এমপি এবং ও ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন।
পরে গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় ডা: শফিকুর রহমান বলেন, আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে। দেশের মানুষের ওপর আল্লাহ যেন শান্তি ও রহমত বর্ষণ করেন এবং একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাই যেন এক সাথে কাজ করতে পারেন।
তিনি বলেন, আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আচার। সবার মতো আমরাও আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।
জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী : হামিদুর রহমান আযাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, যে স্বাধীনতার জন্য লাখো শহীদের রক্ত ঝরেছে, সেই স্বাধীনতার প্রকৃত চেতনা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী হয়ে পড়েছে।
গতকাল জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখা আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. আযাদ আরো বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার- এ তিন মূলনীতির ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান বাস্তবতায় জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বরং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অন্যায়, অবিচার ও বৈষম্য দিন দিন প্রকট আকার ধারণ করছে।
তিনি বলেন, দেশের সর্বত্র আজ অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেছে। পাবনায় একজন নারীকে গুলি করে হত্যাসহ শুধু গত ঈদের ছুটিতেই বিএনপির হাতে খুন হয়েছে ১০ জন। অবিলম্বে এসব খুনের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ড. হামিদ আযাদ সড়কে নৈরাজ্য বন্ধ এবং নিরাপদ যাত্রা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের সড়কপথ একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। তিনি বিভিন্ন পত্রিকার সূত্র ধরে গত সাত দিনে ২০৪ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ জানান।
তিনি বলেন, মহান স্বাধীনতার ৫৫তম দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক দেশপ্রেম, মানবিকতা, সততা ও ন্যায়পরায়ণতার সাথে ঐক্যবদ্ধভাবে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নেয়া এবং জুলাই বিপ্লবের চেতনায় নতুন করে উদ্দীপ্ত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা।
কুতুবদিয়া উপজেলা আমির আ স ম শাহরিয়ারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইসমাইল খাঁন, উপজেলা অফিস সম্পাদক মাওলানা ওসমান, উপজেলা যুব বিভাগের সভাপতি রবিউল হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ বিন ইবরাহীম প্রমুখ।



