কান চলচ্চিত্র উৎসবে গাজায় গণহত্যার নিন্দা

এএফপি
Printed Edition

ফ্রেঞ্চ রিভেরার নীল সমুদ্রের পাড়ে গতকাল রাতে পর্দা উঠেছে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় প্রদর্শনী কান চলচ্চিত্র উৎসবের। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে গাজায় ইসরাইলি গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের ৩৮০ জন তারকা। ফ্রান্সের কান শহর থেকে এএফপি জানায়, স্বাক্ষরদাতাদের মধ্যে ‘শিন্ডলার্স লিস্ট’ খ্যাত অভিনেতা রেফ ফাইঞ্জ, হলিউড তারকা রিচার্ড গিয়ার, সুসান সারেনডন, স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভার, অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজার, মার্কিন তারকা মার্ক রাফালো ও স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমসহ অনেকে রয়েছেন।

আয়োজকরা জানান, কান চলচ্চিত্র উৎসবের এবারের জুরিবোর্ডের প্রধান ফ্রান্সের জনপ্রিয় অভিনেত্রী জুলিয়েট বিনোশ চিঠিতে স্বাক্ষর করেছেন। তবে তার মুখপাত্র এএফপিকে বলেছেন, তিনি এটি সমর্থন করেননি এবং ফ্রান্সের সংবাদমাধ্যম লিবেরাসিয়ঁ তার নাম প্রকাশ করেনি। গতকাল মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিনই ফরাসি সংবাদপত্র লিবেরাসিয়ঁ এবং মার্কিন সাময়িকী ভ্যারাইটিতে চিঠিটি প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ‘গাজায় গণহত্যা চলছে, আমরা আর চুপ থাকতে পারি না’। চিঠিতে স্বাক্ষরকারীরা ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতেমা হাসুনাকে হত্যার নিন্দা জানান। ফাতেমাকে নিয়ে ইরানি নির্মাতা সেপিদেহ ফারসি নির্মিত প্রামাণ্যচিত্র ‘পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ এই সপ্তাহে প্রিমিয়ারে অংশ নেবে।