নবাবগঞ্জে দখলমুক্ত ২.২৪ একর বনভূমিতে বনায়ন কার্যক্রম

Printed Edition

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে ২ দশমিক ২৪ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করে সেখানে তাৎক্ষণিকভাবে বনায়ন কার্যক্রম পরিচালনা করেছে বন বিভাগ।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কালিরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এবং মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন। বন বিভাগ সূত্রে জানা যায়, জয়পুর ইউনিয়নের কাতলমারী গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেন (৪৫) দীর্ঘদিন ধরে অবৈধভাবে বনভূমি দখল করে সেখানে গরুর খামার ও রাইস মিল স্থাপন করেছিলেন। একাধিকবার নোটিশ প্রদান এবং বন আইনে মামলা দায়ের করা হলেও তিনি দখল ছাড়েননি।

পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভূমিতে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, সংরক্ষিত বনভূমি রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান ও বনায়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।