চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইটের যাত্রীর হ্যান্ড লাগেজে ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকার দুবাই দিরহাম ও ওমানি রিয়ালসহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, কাস্টমস শাখা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে এসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি১৪৭ এর যাত্রীর মোহাম্মদ আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করে দুই লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম ও চার হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। আটককৃত যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা করার কথা জানান তিনি।
যেকোনো বৈদেশিক মুদ্রা পাচার রোধসহ আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে ও সেই সাথে সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থাগুলো, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ সর্বোপরি বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে বলেও নিশ্চিত করেন এ কর্মকর্তা।



