ট্রাফিক সার্জেন্টকে গালি দেয়ায় বাইকচালকের ৩ দিনের কারাদণ্ড

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সাথে অসদাচরণের অভিযোগে এক মোটরসাইকেল চালককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল শনিবার বিকেলে গুলশান ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, লাল সিগন্যাল চালু থাকা অবস্থায় ওই মোটরসাইকেল চালক অনবরত উচ্চৈঃস্বরে হর্ন বাজাতে থাকেন। কারণ জানতে বিরক্ত দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট এগিয়ে এলে ওই চালক ‘মব’ সৃষ্টি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সিগন্যাল অমান্য করে পুলিশের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

তাৎক্ষণিকভাবে সার্জেন্ট ও সাথে থাকা কনস্টেবল ধাওয়া করে তাকে আটক করেন। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। মোটরসাইকেলটিও পুলিশের জিম্মায় দেয়া হয়। পরে ঘটনা পর্যালোচনা করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সড়কে শৃঙ্খলা রক্ষায় এমন আচরণের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছেন বলে জানিয়েছে পুলিশ।