হাত দিয়ে গোল করা বলের দাম এক কোটি ডলার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

জরাজীর্ণ ও হাওয়া কমে গিয়ে গোলাকার আকৃতি হারিয়ে ফেলা একটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং সম্ভবত সবচেয়ে মূল্যবান এক স্মারক। আমেরিকান নিলাম সংস্থা ‘হেরিটেজ অকশনস’ আগামী ২২ আগস্ট নিলামের পর বিজয়ীর নাম ঘোষণা করবে।

৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই নিলামের বলটি দিয়েই ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দিয়েগো ম্যারাডোনা তার বিখ্যাত দু’টি গোল করেছিলেন। যার একটি ‘হ্যান্ড অব গড’ (ঈশ্বরের হাত) এবং অন্যটি ব্রিটিশ দলের অর্ধেক খেলোয়াড়কে ড্রিবলিং করে কাটানোর পর করা ‘শতকের সেরা গোল’ হিসেবে পরিচিত।

নিলামকারীদের মতে, ফুটবলের পরম আরাধ্য বস্তু হিসেবে বিবেচিত এই বলটির বিডিং চলবে ২১ দিন ধরে এবং এর ভিত্তি মূল্য শুরু ২.৫ মিলিয়ন ডলার (২,১৯০,০০০ ইউরো) থেকে। হেরিটেজ অকশনস অনুমান করছে যে এর চূড়ান্ত বিক্রয়মূল্য ১০ মিলিয়ন ডলার (৮,৭৫৮,০০০ ইউরো) বা তারও বেশি হতে পারে। যদি তা-ই হয়, তবে এটি ফুটবল স্মারক সংগ্রহের ইতিহাসে একটি নতুন রেকর্ড স্থাপন করবে।

এ যাবৎকাল পর্যন্ত ফুটবলের কোনো স্মারকের জন্য সবচেয়ে বেশি টাকা দেয়ার রেকর্ডটিও সেই ম্যাচেরই নীল রঙের জার্সিটি, যা ম্যারাডোনা ম্যাচের দ্বিতীয়ার্ধে পরেছিলেন। যখন তিনি সেই বিতর্কিত ও শৈল্পিক গোল দুটো করেছিলেন।

জার্সিটি দীর্ঘ ৩৬ বছর ধরে ইংলিশ ফুটবলার স্টিভ হজের কাছে ছিল এবং ২০২২ সালের মে মাসে ব্রিটিশ নিলাম সংস্থা ‘সদবিস’ এটি ৯.৩ মিলিয়ন ডলারে (তৎকালীন সময়ে প্রায় ৮.৫ মিলিয়ন ইউরো) নিলামে বিক্রি করে, যা ছিল প্রাথমিক মূল্যের প্রায় দ্বিগুণ। যদিও ক্রেতার পরিচয় কখনোই প্রকাশ করা হয়নি, তবে বিশেষজ্ঞরা মনে করেন তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। জার্সিটি দোহার ‘১২৩ মিউজিয়াম’-এ প্রদর্শন করা হয়েছিল।

সেই ম্যাচে ম্যারাডোনার স্পর্শ করা বা ব্যবহৃত প্রতিটি জিনিসই যেহেতু কোটি কোটি টাকায় রূপান্তরিত হচ্ছে, তাই এখন এই বলটি তার জার্সির রেকর্ড ভেঙে দেয়ার হুমকি দিচ্ছে। অ্যাডিডাস ব্র্যান্ডের ‘আজতেকা’ মডেলের এই বলটি ছিল বিশ্বকাপের ইতিহাসে চামড়ার টুকরো ছাড়া কৃত্রিম উপাদান দিয়ে তৈরি প্রথম বল। তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের দীর্ঘ ৩৬ বছরেরও বেশি সময় ধরে বলটি নিজের কাছে রেখেছিলেন। এরপর ২০২২ সালের নভেম্বরে তিনি এটি একটি ব্রিটিশ নিলাম সংস্থা ‘গ্রাহাম বাড অকশনস’-এর কাছে প্রথম নিলামের জন্য হস্তান্তর করেন।

তখন ২০২২ কাতার বিশ্বকাপ চলাকালে এক অজ্ঞাত ক্রেতা ২৩,৭০,০০০ ডলারে বলটি কিনে নেন। যদিও ২০২৪ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেস ডজার্সের জাপানি তারকা শোহেই ওহতানির আঘাত করা একটি বেসবল ৪,৩৯২,০০০ ডলারে বিক্রি করে ‘গোল্ডিন’ নিলাম সংস্থা সেই রেকর্ড ভেঙে দেয়। স্পোর্টস কালেকশনের সামগ্রিক রেকর্ডটির কথা বললে, ১৯৫২ সালের আমেরিকান বেসবল তারকা মিকি ম্যান্টলের ছবিসংবলিত একটি বেসবল কার্ড ২০২২ সালে হেরিটেজ অকশনস ১২.৬ মিলিয়ন ডলারে বিক্রি করে ইতিহাসের শীর্ষস্থান ধরে রেখেছে।