পররাষ্ট্র প্রতিমন্ত্রী-রাষ্ট্রদূত বৈঠক

অর্থনৈতিক অংশীদারত্ব বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্কের মূল ভিত্তি

Printed Edition
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেট্রো রেঙ্গলি সাক্ষাৎ করেন  : পিআইডি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেট্রো রেঙ্গলি সাক্ষাৎ করেন : পিআইডি

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ ও সুইজারল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্কের একটি প্রধান স্তম্ভ হিসেবে অর্থনৈতিক অংশীদারত্বকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের কর্মশক্তির জন্য কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণে সুইজারল্যান্ড সম্মত হয়েছে। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোতে সুইস বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরো সম্প্রসারণের উপায় খুঁজে বের করতে উভয় দেশ সচেষ্ট থাকবে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে নিয়মিত বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন। সুইস রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বার্নে বাংলাদেশের নতুন দূতাবাসের কার্যক্রম শুরু হলে তা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীর ও ব্যাপক মাত্রায় শক্তিশালী করতে সহায়ক হবে।

বৈঠকে উভয়পক্ষ গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাসহ অভিন্ন মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা এসব মূল্যবোধকে সমুন্নত রাখতে বহুপক্ষীয় ফোরামে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করে রাষ্ট্রদূত রেংগলি মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন এবং এই সঙ্কটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।