ঝালকাঠি এলএসডি কর্মকর্তা বদলি
কৃষকদের কাছ থেকে ঘুষ নেয়া এবং নিম্নমান চাল সরবরাহের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝালকাঠি এলএসডির সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহা: আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। গত রোববার খাদ্য অধিদফতরের প্রশাসন বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। এর আগে ৬ আগস্ট প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি গ্রেড-১ এলএসডি গুদাম পরিদর্শন করেন। তখন ভুক্তভোগী কৃষকরা এলএসডির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেন। কৃষক মহিদুল ইসলাম বলেন, প্রতি বস্তায় ১৩০ টাকা হারে তিনটি কার্ডে মোট ১০ হাজার টাকা নেয়া হয়েছে, যা আগে কখনো হয়নি। আরেক কৃষক অভিযোগ করেন, নির্ধারিত ৪০ কেজির বদলে ৪২ কেজি ধান নেয়া হতো এবং নিম্নমান ধানও সরকারি দামে কেনা হতো। প্রজ্ঞাপনে মামুনকে গতকাল সোমবারের মধ্যে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি।
জামালপুরে ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে এক নারী ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী এলাকার আশকর আলী (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫)। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ রাতে নিমাইমারী এলাকার একটি বসতঘরে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে তারা। ধর্ষণের সময় নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে দু’জনকে আটক করলেও পরে আপস-মীমাংসার কথা বলে ছেড়ে দেয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন। জামালপুর প্রতিনিধি।
চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করার সময় শিউলি (৪৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারিকেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে। আটক শিউলির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর উপজেলার নাসিরনগর এলাকায়। হাসপাতাল সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার গলদা গ্রামের মরিয়ম (৫৫) চর্মরোগের চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এ সময় শিউলি তার গলা থেকে চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তাকে আটক করে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা। তারা তাকে হেফাজতে নিয়ে যশোর কোতোয়ালি থানাকে বিষয়টি জানিয়েছেন। ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। যশোর অফিস।
রেল কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদ
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসান উল্লাহ ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দফতর প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়, যাতে বিভাগীয় রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বক্তারা জানান, গত ৭ আগস্ট সিল্কসিটি ট্রেনে বিনাটিকিটে ভ্রমণকারী কয়েকজন যাত্রীকে জরিমানা করাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে, যা অত্যন্ত নিন্দনীয়। মানববন্ধনে বক্তব্য দেন লালমনিরহাট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফেরদৌস, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম। তারা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। লালমনিরহাট প্রতিনিধি।
লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের ঝুমুর চত্বর প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার, সিভিল সার্জন, কৃষি অধিদফতরের উপপরিচালক, বন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। অতিথিরা চারা রোপণ ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আলোচনা সভায় বক্তারা বর্তমান বর্ষাকালকে বৃক্ষরোপণের উপযুক্ত সময় উল্লেখ করে সবাইকে পরিবেশবান্ধব গাছ লাগানোর আহ্বান জানান। মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের অর্ধশতাধিক স্টল বসেছে। লক্ষ্মীপুর প্রতিনিধি।
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার
কুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯) নামে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার রাতে উপজেলা সদরের উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের বাড়িতে অভিযান চালান। মাদক বিক্রয়কালে তাদের হাতেনাতে গ্রেফতার করে তল্লাশি চালিয়ে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩২,১৫০ টাকা জব্দ করা হয়। ওসি জানান, মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং এলাকাকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।
রানীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসক খাদিজা বেগম বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। শনিবার বেলা ১২টায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার জাবেদ আলী, পৌর বিএনপি নেতা মহসিন আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন, প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। পৌর ইঞ্জিনিয়ার জাবেদ আলী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পৌরসভায় এক হাজার বনদ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। স্থানীয় মহল এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এবং এ ধরনের কর্মসূচি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। রানীশংকৈল প্রতিনিধি।
পলাশে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থেকে গতকাল সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। গত ১ আগস্ট রাতে ডাঙ্গার হাসনহাটা গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিজয়, সবুজ, ইকবাল ও সানি দলবলসহ অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মাসুম পেটে গুলিবিদ্ধ হন এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক জয়নালসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। নিহতের ভগ্নিপতি থানায় ৩৭ জনের নামে মামলা দায়ের করেছেন। ওসি শাহেদ আল মামুন জানান, জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। পলাশ (নরসিংদী) সংবাদদাতা।



