দেশের ১২২টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থার মধ্যে মাত্র ১১টি প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সম হিসেবে চিহ্নিত করেছে অর্থ বিভাগের সাম্প্রতিক এক মূল্যায়ন। তালিকায় স্থান পেয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি, যা দেশের জ্বালানি খাতের অন্যতম রাষ্ট্রায়ত্ত ও পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান।
অর্থ বিভাগের এসওই উইং পরিচালিত এ মূল্যায়নে প্রতিষ্ঠানগুলোর আর্থিক কার্যকারিতা, ঋণের পরিমাণ, সম্ভাব্য আর্থিক দায় এবং করপোরেট গভর্ন্যান্স পর্যালোচনা করা হয়। মূল্যায়ন অনুযায়ী, আর্থিকভাবে সম ১১টি প্রতিষ্ঠানের নগদ অর্থ ও তরল সম্পদের পরিমাণ তাদের মোট ঋণের চেয়ে বেশি, যা একটি শক্তিশালী আর্থিক ভিত্তির নির্দেশক।
এই তালিকায় ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি ছাড়াও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার (বিটাক), হোটেলস ইন্টারন্যাশনাল, যমুনা ফার্টিলাইজার কোম্পানি, জাতীয় গৃহায়ন কর্তৃপ, নিউকিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ, পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি, রাজশাহী ওয়াসা, এসএমই ফাউন্ডেশন এবং টিএসপি কমপ্লেক্স স্থান পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৌশলগত পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি বিভিন্ন খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির কোম্পানি সচিব আবু মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, প্রতিষ্ঠানের আর্থিক সমতার ভিত্তি হলো সুশাসন, শক্তিশালী গ্রাহকভিত্তি এবং বাজারে পণ্যের ধারাবাহিক চাহিদা। তিনি জানান, প্রতিষ্ঠানটি পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম কোম্পানির বিপণন নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে পণ্য সরবরাহ করে এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি আরো বলেন, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি কোম্পানি হিসেবে আমরা সুশাসনের সর্বোচ্চ মান বজায় রেখে স্বচ্ছতা ও ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করছি।’ বিজ্ঞপ্তি।



