এগিয়ে থেকেও হার মিয়ামির

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইন্টার মিয়ামির নতুন স্টেডিয়ামে এখনো জয়ের দেখা পাননি লিওনেল মেসিরা। এই মাঠে চতুর্থ ম্যাচ খেলতে নেমেও জয়হীন থাকতে হলো দলটিকে। অথচ ম্যাচে ইয়ান ফ্রাই, তেলেস্কো সেঘেভিয়া ও আর্জেন্টাইন তারকার গোলের সুবাদে ম্যাচের ৩৩ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু ম্যাচ শেষে ৪-৩ গোলের জয় নিয়ে ফিরেছে অরল্যান্ডো সিটি।

নিজেদের মাঠে ম্যাচ শুরুর ৪ মিনিটেই ফ্রাইয়ের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। ২৫ মিনিটে ব্যবধান ২-০ করেন তেলেস্কো। দু’টি গোলেই সহায়তা করেন মিয়ামি অধিনায়ক। ৩৩ মিনিটে দারুণ এক গোলও করলেন মেসি। তিন গোলে পিছিয়ে পড়া অরল্যান্ডো একটি গোল শোধ করে ৩৯ মিনিটে। মার্টিন ওজেদার পা থেকে আসে গোলটি। পরে ৬৮ ও ৭৯ মিনিটে আরো দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। আর ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে টাইরিস স্পাইসার কফিনে শেষ পেরেক ঠুকে স্বাগতিকদের হার নিশ্চিত করেন।