ভালুকায় বনের অর্ধশতাধিক আকাশমণি গাছ কর্তন

Printed Edition
ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলের কেটে ফেলা আকাশমণি গাছের গুঁড়ি :  নয়া দিগন্ত
ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলের কেটে ফেলা আকাশমণি গাছের গুঁড়ি : নয়া দিগন্ত

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় জাতীয় উদ্যানসংলগ্ন সংরক্ষিত বনভূমি থেকে চুরির উদ্দেশ্যে দিনদুপুরে অর্ধশতাধিক আকাশমণি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বনবিভাগ ঘটনাস্থল থেকে কাটা গাছ উদ্ধার করেছে। এতে স্থানীয়ভাবে একাধিক বনাঞ্চল উজাড় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঘটনাটি উপজেলার ভালুকা রেঞ্জের আওতাধীন কাদিগড় বিটের পালগাঁও মৌজার ৮৫১ নম্বর দাগে তামাট গ্রামের শেষ সীমানায় নূর মোহাম্মদের বাড়ির পশ্চিম পাশে সংঘটিত হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র আজিম উদ্দিনের চালা এলাকা থেকে ১৪ থেকে ১৫ বছর বয়সী ছোট-বড় অর্ধশতাধিক আকাশমণি গাছ কেটে ফেলে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ওই চালাটি মৃত ফয়জুদ্দিনের ছেলে দারগ আলী, লুৎফর ও সুহায়েবের দখলে রয়েছে। স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর সাথে যোগসাজশে গত রোববার ভোরে প্রায় ৬০টি গাছ কাটা হয়। পরে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে পড়ে থাকা গাছগুলো জব্দ করে বিট অফিসে নিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, কাদিগড় বিটসংলগ্ন বাটাজোর, কাচিনা ও তামাট বাজার এলাকায় ২০ থেকে ২৫টির বেশি অবৈধ করাতকল ও অর্ধশতাধিক ফার্নিচার দোকান রয়েছে। এসব স্থানে নিয়মিতভাবে সংরক্ষিত বনাঞ্চলের গাছ চেরাই ও ফার্নিচার তৈরির কাজ চলছে। তাদের দাবি, একটি সংঘবদ্ধ চক্র প্রায় প্রতিরাতেই বনভূমি থেকে গাছ কেটে এনে এসব করাতকলে সরবরাহ করছে। এতে জাতীয় উদ্যান ও আশপাশের বনাঞ্চল ধ্বংসের মুখে পড়ছে এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে।

এ বিষয়ে কাদিগড় বিট অফিসার মোহাম্মদ জলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ থেকে ৩৫টি আকাশমণি গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, অবৈধভাবে গাছ কর্তনের সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।