গাজায় ইসরাইলি হামলায় নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত ১১

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, হামলায় মধ্য গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক কর্নেল ওয়ায়েল মুসা আল-লাদাবি (৪৪) এবং মেজর রামেজ তাওফিক আবু জুরেইক (৪৯) নিহত হন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই কর্মকর্তা একটি গাড়িতে করে দেইর আল-বালাহ দিয়ে যাওয়ার সময় ইসরাইলি যুদ্ধবিমান সেটিকে লক্ষ্য করে হামলা চালায়।

এ দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরো নয় ফিলিস্তিনি নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন নতুন হামলায় প্রাণ হারিয়েছেন, আর দু’জন আগের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩২৬ জনে এবং আহতের সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৯৯৭ জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। মন্ত্রণালয় আরো জানায়, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় অন্তত এক হাজার ২০০ ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৮৮৮ জন আহত হয়েছেন।

পশ্চিমতীরে আরো ৭৬৩ অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা ইসরাইলের

অধিকৃত পশ্চিমতীরে নতুন করে আরো ৭৬৩টি অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেছেন, নাবলুসের দক্ষিণে অবস্থিত এলি বসতিতে নতুন আবাসন ইউনিট নির্মাণ করা হবে, যা আগামী কয়েক বছরে বসতিটির আয়তন প্রায় তিন গুণ বাড়িয়ে দেবে। ইসরাইলের চ্যানেল ১৪-এর বরাতে আনাদোলু জানায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলি বসতিতে কয়েক হাজার নতুন বসতি স্থাপনকারীকে আবাসনের সুযোগ সৃষ্টি হবে।