কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ

Printed Edition
উইকেট নেয়া হাসান মাহমুদকে অভিনন্দন জানাচ্ছেন মিরাজসহ বাংলাদেশ দলের অন্য ক্রিকেটাররা	: বিসিবি
উইকেট নেয়া হাসান মাহমুদকে অভিনন্দন জানাচ্ছেন মিরাজসহ বাংলাদেশ দলের অন্য ক্রিকেটাররা : বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রস্তুতি ম্যাচ। ফলাফল দিয়ে যার বিচার হওয়ার কথা নয়। কিন্তু কখনো কখনো প্রস্তুতি ম্যাচই পরীক্ষার আগে আয়না হয়ে দাঁড়ায়। অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সামনে সেই আয়নাটাই যেন ধরা পড়েছে। আর সেখানে স্বস্তির চেয়ে অস্বস্তিই বেশি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশে পরিচিত মুখ বলতে কেবল স্যাম কনস্টাস ও জশ ফিলিপে। বাকিরা সবাই অচেনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে এমন অচেনা একটি দলের বিপক্ষেই বেশ চাপের মুখে পড়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত ছন্দ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভালো শুরু করতে পারেনি টাইগাররা। শেষ দিনের আগে এখনো ৭৩ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল!

ডারউইনে প্রস্তুতি ম্যাচে গতকাল দ্বিতীয় দিনটি বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হয়নি। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ২৬৩ রান করার পরও সেই সংগ্রহ ছাড়িয়ে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ৩৫৫ রানে অলআউট হয়ে ৯২ রানের লিড নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের দুই ওপেনিং ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে স্বাগতিকরা।

মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে মোটামুটি সন্তোষজনক সংগ্রহ করেছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, অন্তত ব্যাট হাতে লড়াইয়ের ভিতটা তৈরি হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার জবাবটা এলো আরো দৃঢ়ভাবে। উয়াইলির ১৩০ রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশের বোলিংয়ের ওপর চাপ তৈরি করেছে। দিনের শেষে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশ এগিয়ে ৯২ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ চার উইকেট নিয়ে কিছুটা স্বস্তি দিয়েছেন। কিন্তু বিপরীত চিত্রটাও কম বিব্রতকর নয়। অস্ট্রেলিয়ার রকিচ্চলি একাই নিয়েছেন ৬ উইকেট; অর্থাৎ ব্যাটিং-বোলিং, দুই জায়গাতেই প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্পষ্ট। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটাও হয়েছে দুঃস্বপ্নের মতো। মাত্র ১৯ রানেই নেই দুই উইকেট। এখন তৃতীয় দিনে ম্যাচ বাঁচানোর পাশাপাশি নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়ার কঠিন দায়িত্ব বাংলাদেশের সামনে।

প্রস্তুতি ম্যাচ বলে হয়তো পরাজয় নিয়ে খুব বেশি হিসাব-নিকাশ হবে না। কিন্তু অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে মূল সিরিজের আগে এই পারফরম্যান্স সতর্কবার্তা তো বটেই। মিরাজের ব্যাটে আশার প্রদীপ জ্বলেছিল, কিন্তু দ্বিতীয় দিনের শেষে সেই আলো অনেকটাই ম্লান। তৃতীয় দিন তাই বাংলাদেশের জন্য শুধু আরেকটি দিন নয়, এটি নিজেদের ঘুরে দাঁড়ানোর পরীক্ষা। মূল লড়াইয়ের আগে সেই পরীক্ষায় কতটা উত্তীর্ণ হতে পারে বাংলাদেশ, সেটিই এখন দেখার।

দ্বিতীয় দিনের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৫৩ রান। দিনের শুরুতেই জশ ফিলিপেকে ২৪ রানে বোল্ড করে বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ। এরপর ইবাদত হোসেনের বলে আউট হন জ্যাক ক্লেটন। তবে কুর্টিস প্যাটারসন দায়িত্বশীল ব্যাটিং করে ৫৩ রান করেন, যদিও শেষ পর্যন্ত তাকেও বোল্ড করেন হাসান।

লাঞ্চের পর ম্যাচের চিত্র পাল্টে দেন টিগ উইলি ও জ্যাক ডোরান। দুই ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত বাড়তে থাকে স্বাগতিকদের রান। উইলি ১৭৭ বলে ১৩০ রানের দারুণ ইনিংস খেলেন। ডোরানও ১০২ বলে ৭৬ রান যোগ করেন। শেষ দিকে বাংলাদেশ কয়েকটি উইকেট তুললেও ততক্ষণে ৩৫৫ রান তুলে ৯২ রানের লিড নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন টিগ উইলি। তার অবদান ১৩০ রান। জ্যাক ডোরান এনে দেন ৭৬ রান। এ ছাড়া কার্টিস প্যাটারসন ৫৩ ও জ্যাক ক্লেটন করেন ৪৮ রান। প্রতিপক্ষের এসব অচেনা ক্রিকেটারদের দাপুটে ব্যাটিং যেন ইনিংসজুড়ে বাংলাদেশের ব্যাটারদের ভিন্ন বার্তা দিয়ে গেছে। ব্যাটাররা হতাশ করলেও দাপট দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা। ক্রিকেট অস্ট্রেলিয়ার ১০ উইকেটের ৮টাই নেন পেসাররা। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার হাসান মাহমুদ। তিনি ৪২ রানে ৪ উইকেট নেন। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

৯২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে শুরুতেই সাদমান ইসলাম ৬ রান করে আউট। এরপর মুমিনুল হকও ৬ রান করে রান আউটের শিকার। দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৯ রান। তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন। আজ শেষ দিনের খেলা শুরুর আগে এখনো ৭৩ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে পরিচিত মুখ খুব কম থাকলেও তাদের বিপক্ষেই চাপে পড়েছে বাংলাদেশ!

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ ইনিংস : ২৬৩ ও ৫ ওভারে ১৯/২ (তানজিদ ৭*, সাদমান ৬, মুমিনুল ৬, থমসন ২/১০)।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ১ম ইনিংস : ৮৭.২ ওভারে ৩৫৫ (আগের দিন ৫১/২) (কনস্টাস ১, কেলাওয়ে ০, প্যাটারসন ৫৩, ফিলিপি ২৪, ক্লেটন ৪৮, উয়াইলি ১৩০, ডোরান ৭৬, ওয়াদিয়া ০, জ্যাকবস ১০, রকিচ্চলি ৫, ক্রোন ০*; তাসকিন ২/৫৬, হাসান ৪/৪২, খালেদ ১/৫২, ইবাদত ১/৬৬, মিরাজ ২/৭৭, মুশফিক ০/৩৮, মুমিনুল ০/২০)।

দ্বিতীয় দিন শেষে : অস্ট্রেলিয়া ৭৩ রানে এগিয়ে।