পাহাড়ধসে নিহত ২ পরিবারের পাশে জামায়াত

আমিরের পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ

Printed Edition

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড়ধসে নিহত দুই পরিবারের স্বজনদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ অর্থ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টায় আজিজনগর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা আমির এম এস আব্দুচ ছালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

এর আগে জামায়াতের নেতারা পাহাড়ধসে নিহত পাঁচজনের কবর জিয়ারত করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতে অংশ নেন। পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ সময় জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, জেলা কর্মপরিষদ সদস্য হামেদ হাসান, আজিজনগর ইউনিয়ন সভাপতি ডা: ফরিদুল আলম, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে লামার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় পাহাড়ধসে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় মো: ইউনুস, তার স্ত্রী রানু আক্তার ও ছেলে মো: সোলেমান নিহত হন।

পরে একই এলাকায় পৃথক আরেকটি পাহাড়ধসে স্বামী-স্ত্রী মো: জুয়েল ও কুলছুমা আক্তারের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের লাশ উদ্ধার করেন। প্রেস বিজ্ঞপ্তি।