কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের কার্যালয়ে ভিডিও ধারণের অভিযোগে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এবং নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ)। সে সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল এক যৌথ বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার কার্যালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের এভাবে অপমান, হেনস্তা ও হাতকড়া পরানো শুধু অমানবিকই নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
বিবৃতিতে বিআরজেএ নেতারা উল্লেখ করেন, চান্দিনা উপজেলার এসিল্যান্ড ফয়সাল আল নূর বুধবার দুপুরে তার কার্যালয়ে এ ঘটনা ঘটান। পরে সন্ধ্যার দিকে সাংবাদিকদের হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এবং সাধারণ মানুষের মধ্যেও তীব্র ােভের সৃষ্টি হয়।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আলিম জানান, তার এক আত্মীয়ের নামজারি সংক্রান্ত একটি বিষয় প্রায় এক বছর ধরে ঝুলে ছিল। নির্ধারিত শুনানির দিনে তিনি সহকর্মী রাসেল সরকারকে নিয়ে এসিল্যান্ড কার্যালয়ে যান। দুপুর পৌনে ২টার দিকে শুনানির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এসিল্যান্ড উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। ওই আচরণের ভিডিও করতে গেলে এসিল্যান্ড তার মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন এবং তাৎণিক পুলিশ ডেকে তাদের দু’জনকে আটক করে হাতকড়া পরিয়ে থানায় পাঠিয়ে দেন। এ সময় তাদের সাথে অশোভন আচরণ করা হয়।
আব্দুল আলিম অভিযোগ করেন, থানায় নেয়ার পর তাদের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিও মুছে ফেলা হয় এবং বিষয়টি নিয়ে আর কোনো প্রতিবাদ না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। বিজ্ঞপ্তি।



