দেশ-জাতি ও উম্মাহর শান্তি কামনা করে চরমোনাইর মাহফিল সমাপ্ত

Printed Edition
চরমোনাই মাহফিল গতকাল আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয় :  নয়া দিগন্ত
চরমোনাই মাহফিল গতকাল আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয় : নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো

লাখো মানুষের উপস্থিতিতে দোয়া মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিল। শনিবার সকাল ৯টায় সমাপন অধিবেশন ও আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লাখ লাখ মুসল্লির আধ্যাত্মিক এ মিলনমেলা।

চরমোনাই পীর তার মুনাজাতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করেন এবং চাদাবাজ, সন্ত্রাসী, মামলাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের নিপীড়িত মানুষের জন্য দোয়া করেন।

সমাপনী বয়ানে চরমোনাই পীর বলেন, দুনিয়ার মোহ-ই সব পাপের উৎস। ব্যক্তিজীবনে আর্থিক অনিয়ম থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের যত দুর্নীতি, ফ্যাসিবাদ যা কিছু ঘটে তার কারণও এই দুনিয়ার মোহ। অথচ দুনিয়া খুবই তুচ্ছ একটা জিনিস। হায়াত শেষ হলে পৃথিবীর কোনো সম্পদ কারো কাজে লাগে না। তাই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে।

সমাপন অধিবেশনের বয়ানে চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। সুতরাং তাকওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ওই মানুষ এমনকি আলেম, মুফতি ও পীরের কোনো মূল্য নেই। তিনি বলেন, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বুরি পরিত্যাগ করতে হবে। হিংসা-বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে। পরিবারের সবাইকে দ্বীন শিক্ষা দিয়ে দ্বীনের পাবন্দি করতে হবে। পরিবারে খাস পর্দা জারি করতে হবে। সবধরনের নেশাজাত দ্রব্য থেকে বেঁচে থাকতে হবে।

আখেরি মুনাজাতে অংশ নেয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিরা, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান তিনি। আখেরি বয়ানের পর চরমোনাই পীর বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি মুরিদানদের সঠিক পথে পরিচালিত হওয়ার বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অতঃপর তিনি তাওবাহ করিয়ে গুনাহ থেকে বেঁচে থাকার শপথ করান।