জাবি প্রতিনিধি
শরিফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদী বিক্ষোভ ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সমাবেশে হাদির খুনের প্রতিশোধ ও অসমাপ্ত লড়াইকে পূর্ণতা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন উপস্থিত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এ প্রতিবাদী মিছিল শুরু হয়। পরে বিভিন্ন হল প্রদক্ষিণ করে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শপথ পাঠ করান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু।
এ সময় জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, আমরা মনে করি হাদি ভাই এখনো বেঁচে আছেন। তিনি যে লড়াই রেখে গিয়েছেন সেই লড়াই আমরা আজীবন চালিয়ে যাবো। যেই হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, সন্ত্রাসীদেরকে ভারত আশ্রয় দিচ্ছে, সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। তিনি ভিসি কামরুল হাসানের উদ্দেশে বলেন, যদি জুলাই সন্ত্রাসী শিক্ষকদের বিচার না করেন তাহলে আমরা ফের প্রতিবাদ গড়ে তুলব। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টের, রেজিস্ট্রার বিল্ডিং এসব আওয়ামী লীগের দালালদের বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে এই প্রশাসনকে টেনে নামানো হবে।
জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন, যারা পরিকল্পিতভাবে আমাদের ভাইদের রক্ত নেয়া শুরু করেছে, যারা খুনে মেতে উঠেছে তাদের কাছে আমরা এই পবিত্র শরীরে রক্ত বিলিয়ে দেব না। অভ্যুত্থানের পরে আমরা দেখেছি অভ্যুত্থানের নেতারা রিকনসিলিয়েশনের নামে ছাত্রলীগকে-আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন শুরু করে।
ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, বিগত ১৫ বছর ধরে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। হাসিনার দল হাজার হাজার নিষ্পাপ দামাল ছেলেদেরকে হত্যা করে রক্ত পিপাসা মিটিয়েছে। এখনো বিপ্লবীদের হত্যা করার চাপ দিচ্ছে। শহীদ ওসমান হাদির রক্তের ওপর দিয়ে ভারতের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, ভারত আমাদেরকে না চিনে তাদের আধিপত্যবাদ কায়েম করার একে একে ভুল করে যাচ্ছে। আমরা ব্রিটিশদের তাড়িয়েছি। আমরা এদেশে পাকিস্তানিদের তাড়িয়েছি। তারাও থাকবে না। কাজী নজরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদির দাফন করার দাবি জানিয়ে তিনি বলেন, যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় উজ্জীবিত হয়ে হাদি ভাই আমাদের অনুপ্রেরণা দিয়েছেন সেই জাতীয় কবির কবরের পাশে শহীদ শরিফ ওসমান বিন হাদি ভাইকে কবরস্থ করার আহবান জানাচ্ছি।
জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, এই বাংলার জমিনে আনাচে-কানাচে অলিতে-গলিতে ইতোমধ্যেই লাখ লাখ হাদির জন্ম হয়েছে। হাদির যে স্বপ্ন ছিল ভারতীয় আধিপত্যের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেব ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির যে লক্ষ্য ছিল, আমাদের গায়ে একবিন্দু পরিমাণ রক্ত থাকলেও সেই চিন্তা-চেতনা এই বাংলার জমিনে বাস্তবায়িত করেই যাবো ইনশাআল্লাহ।
জাকসুর সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পির সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন আধিপত্যবাদবিরোধী মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতারা।
এদিকে একই সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে একটি আলাদা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।



