দিনাজপুর রাজবাড়ির হারানো স্থাপত্যশৈলী ফেরাতে কাজ শুরু

Printed Edition
দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী : নয়া দিগন্ত
দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী : নয়া দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর দিনাজপুরের ৪’শ বছরের পুরনো ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী রাজবাড়ীর হারানো অবয়ব ফিরিয়ে আনতে কাজ শুরু করছে প্রতœতত্ত্ব অধিদফতর। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে রাজবাড়ীটিকে তার আদি রূপে ফিরিয়ে আনার এই কর্মযজ্ঞে এখন নতুন আশার আলো দেখছেন স্থানীয়রা।

জানা গেছে, ১৯৫১ সালে প্রজাস্বত্ব আইন চালুর পর এবং দেশ বিভাগের সময় দিনাজপুর রাজবাড়ীর পতন হয়। পাকিস্তান শাসন আমল থেকে স্বাধীন বাংলাদেশের সময় পর্যন্ত এই রাজবাড়ীটি অরক্ষিত ছিল। ১৫৫০ থেকে ১৯৫১ সাল পর্যন্ত প্রায় ৪ শতাব্দী পর্যন্ত ১১ প্রজন্মের শাসন ছিল দিনাজপুর রাজবাড়ীতে। এই প্রজন্মের ১৭২২ সালে রাজা রমানাথের সময় উত্তরাঞ্চলের বিশাল এলাকাজুড়ে সমৃদ্ধ ছিল দিনাজপুর মহা-রাজার রাজত্ব।

মহা-রাজার পতনের পর পাকিস্তান সরকারের আমলে এটি রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নেয়া হয়। কিন্তু সরকারি জনবলের অভাবে এটি পরিত্যক্ত প্রাসাদে পরিণত হয়।

২০২৫ সালে দিনাজপুর রাজবাড়ী সংস্কার প্রকল্পটি গৃহীত হয়। বর্তমানে প্রতœতত্ত্ব অধিদফতরের তত্ত্বাবধানে চলছে মূল অন্দরমহলের নকশা ও কাঠামোগত সংস্কারের কাজ। পর্যায়ক্রমে পুরো রাজবাড়ীকে তার পুরনো স্থাপত্যশৈলীতে ফিরিয়ে আনা হবে। ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই স্থাপনাটি পুরোপুরি সংস্কার হলে এটি পর্যটন ও ঐতিহ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।