চট্টগ্রাম ব্যুরো
গার্মেন্টস ও সব রফতানিকারক প্রতিষ্ঠানসহ অন্যান্য শিল্পকারখানা গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বিঘিœতের ফলে উৎপাদন ব্যাহত হওয়ায় বিপুল আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। উদ্ভূত ক্ষতি পুষিয়ে নিতে অন্তত কিছুটা অবকাশ ও সহায়তা প্রদানের লক্ষ্যে ব্যাংক সুদ মওকূফ করাসহ তিন মাসের জন্য ইনস্টলমেন্ট পেমেন্ট স্থগিত রাখতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। একই সাথে চলমান পরিস্থিতিতে কোনো বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করাসহ মাস টু মাস বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধের বর্তমান অনুশীলিত নিয়ম রহিত করে কোনো রকম জরিমানা ছাড়াই তা পরিশোধে ৯০ দিনের একটি বিলম্ব মার্জনা পিরিয়ড অনুমোদনের জন্য বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের প্রতি অনুরোধ জানিয়েছেন। গতকাল শনিবার দুই মন্ত্রীকে অনুরোধ জানিয়ে দু’টি পৃথক জরুরি পত্র দেন চেম্বার সভাপতি।
চেম্বার সভাপতি পত্রে উল্লেখ করেন যে, বিগত অনেক দিন যাবৎ দেশে গ্যাস ও বিদ্যুতের সরবরাহজনিত সীমাহীন বিঘœতাহেতু রফতানিমুখী গার্মেন্টস, টেক্সটাইল, প্লাস্টিকসহ দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উৎপাদনমুখী শিল্পকারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এমনকি গ্যাস-বিদ্যুতের সরবরাহজনিত সমস্যার কারণে অনেক কারখানা বন্ধও হয়ে যায় অথবা অলিখিত লে অফ হয়ে যায়।
তিনি বলেন গ্যাস ও বিদ্যুতের এই বিপুল সরবরাহ হ্রাস ও বিঘœতার কারণে দেশের প্রায় সব ফ্যাক্টরিই উৎপাদন ব্যাহত হয়ে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। শিল্পের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে তাদের রফতানি বা বিক্রয়ও মারাত্মকভাবে হ্রাস পায় বা ক্ষেত্রবিশেষে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে শিল্প মালিকদের পণ্যের উৎপাদন খরচও না ওঠাসহ কর্মচারীদের বেতনভাতা, ব্যাংক সুদ ও ইউটিলিটি বিল প্রদান এবং এমনকি প্রাত্যহিক খরচাদিও বহন করা সম্ভব হয়নি এবং আগামী কয়েক মাসও এর ধকল শিল্পোদোক্তাদের বহন করতে হবে।
পত্রে তিনি আরো বলেন, শিল্পোদ্যোক্তাদের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়ে বিক্রয় বা রফতানি আয় হ্রাস পেয়ে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া সত্ত্বেও যদি তাদের ব্যাংক ঋণের উচ্চ সুদের বোঝা বহন করতে হয়, তবে তা তাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবেই আবির্ভূত হবে এবং এ বিষয়টি বর্তমান সরকারের দেশে যেকোনো মূল্যে শিল্পায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার সর্বজন প্রশংসিত দূরদর্শী চেতনা ও উদ্যোগের সাথে সাংঘর্ষিক হবে।



