‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মৎস্য পক্ষ-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সোমবার সকালে পিলখানার বিজিবি সদর দফতরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল-সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, দেশের মৎস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরে মাছ চাষ ও উৎপাদন বাড়াতে হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেখানে সুযোগ রয়েছে, সেখানে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করতে হবে। বিজিবি মহাপরিচালক আরো বলেন, মাছ চাষের জন্য সবসময় বড় জলাশয়ের প্রয়োজন হয় না। ছোট পুকুর ও অন্যান্য উপযুক্ত জলাশয়েও বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা সম্ভব। দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি পেলে একদিকে যেমন মানুষের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে তেমনি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিজিবির বিভিন্ন স্থাপনা ও ইউনিটে বিদ্যমান পুকুর ও জলাশয়গুলো যথাযথভাবে ব্যবহার করে মাছ চাষের পরিধি আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।



