প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Printed Edition

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সকাল ৯টায় পিজিআর সদর দফতরে আগমন করলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পিজিআর এর কমান্ডার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মহামান্য রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানস্থলে তাকে পিজিআর এর একদল চৌকস গার্ড রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।

পরে রাষ্ট্রপতি সব অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর গার্ডস সদস্যের উদ্দেশ্যে দরবারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে তিনি পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদতবরণকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন শহীদসহ বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে নিহত সব সৈনিকদের স্মরণ করেন এবং তাদের মাগফিরাত কামনা করেন। তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে পিজিআর এর সদস্যরা নিজেদেরকে আরো দক্ষ ও পেশাগতভাবে আধুনিক মানব সম্পদ হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে আত্মনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে, দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান পিজিআর সদর দফতরে এলে সেনাবাহিনী প্রধান এবং পিজিআর এর কমান্ডার তাকে অভ্যর্থনা জানান। এ সময় প্রধানমন্ত্রীকে পিজিআর এর একদল চৌকস গার্ড কর্তৃক রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। অতঃপর শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে তিনি উপস্থিত অতিথিদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং উপস্থিত সব সদস্যের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড: এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব:); মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি; বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার; সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা; আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইএসপিআর।