সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

কবরস্থানের জমি দখলের প্রতিবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কবরস্থানের জায়গা ও রাস্তা অবৈধভাবে দখল করে পাকা বাউন্ডারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর আঞ্চলিক কবরস্থান সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়। গঙ্গাপুর আঞ্চলিক কবরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আবুল হাসেম, জয়নাল আবেদীন মোল্লা ও আর্শাদ আলীসহ স্থানীয় ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় লোকমান হোসেন জোরপূর্বক কবরস্থানের জায়গা দখল করে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করছেন। এই ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। একই সাথে অবৈধ প্রাচীর ভেঙে জমি উদ্ধার ও দখলদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গঙ্গাপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

আ’লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

দিনাজপুরের পার্বতীপুরে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গত বৃহস্পতিবার রাতে পুরনো বাজার ধানহাটিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মো: মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঞ্জুরুল হক বলেন, বিগত সরকারের আমলে আমি নির্যাতিত হয়েছি, জেলে ছিলাম। অথচ দলের কেউ খোঁজ নেয়নি, তারা এখন পালাতক। তাই জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলাম। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি অগ্রণী ভূমিকা রাখছে। অভিজ্ঞ ও জনপ্রিয়দের আগমনে দল আরো শক্তিশালী হবে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম শাহসহ স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন। পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা।

পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। পারিবারিক সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু সাইকেল নিয়ে বিদ্যালয় মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে তারা পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা।

ডোবার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় গ্রামীণফোন টাওয়ার সংলগ্ন ডোবার পাশ থেকে মেহেদী হাসান (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী উপজেলার কয়লা ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। নিহতের মা মনোয়ারা খাতুন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী নজরুল ইসলামের সাথে তাদের বিরোধ চলছে। পূর্ব শত্রুতার জেরে মেহেদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হন মেহেদী। পরদিন সকালে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে, অধিকতর তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে। কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা।

এমইপি ক্যাবলসের মতবিনিময়

কুড়িগ্রামের উলিপুরে এমইপি (গ্লোবাল) ক্যাবলসের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের পেশাগত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সৌহার্দ্য ও সহযোগিতায় থাকুক সবসময়’ প্রতিপাদ্যে গত বৃহস্পতিবার উলিপুরের গুঞ্জন কমপ্লেক্স মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। উপজেলার প্রায় ১০০ জন ইলেকট্রিশিয়ান ও ব্যবসায়ী এতে অংশ নেন। বিশিষ্ট ব্যবসায়ী মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমইপি গ্রুপের রংপুর বিভাগীয় সেলস ম্যানেজার মো: শফিকুল ইসলাম শিপন। তিনি বলেন, নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে দক্ষ ইলেকট্রিশিয়ানদের ভূমিকা অপরিসীম। গ্রাহকসেবার মান বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর টেরিটোরি সেলস ম্যানেজার মাহমুদুর রহমান। সভায় বক্তারা পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সততা বজায় রাখার আহ্বান জানান। আয়োজকেরা জানান, ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা।

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত

গাজীপুরে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-বাইপাস মহাসড়কের পূবাইল থানার চামুড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাফওয়ান হোসেন। আহতরা হলেন- নিহত শিশুর বাবা জুয়েল রানা (৩৬) ও মা সুরাইয়া আক্তার রুপা (৩০)। তাদের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার বাংড়া গ্রামে। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, জুয়েল রানা মোটরসাইকেলে পরিবার নিয়ে বগুড়া থেকে কর্মস্থল চট্টগ্রামে যাচ্ছিলেন। পথে চামুড্ডা এলাকায় একটি দ্রুতগতির ড্রাম ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনার পর চালক ড্রাম ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। ঘাতক ট্রাক ও চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্ত ছাড়া শিশুর লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি।

পুলিশ সদস্যের বাড়িতে চুরি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। গত ১২ জুন গভীর রাতে পণ্ডিতমসা গ্রামে পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য মো: ফখরুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। চোরেরা ঘর থেকে নগদ দেড় লাখ টাকা ও সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৯ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে। এ ঘটনায় ফখরুল ইসলাম বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে চুরির মূল পরিকল্পনাকারী রিয়াজ ও সহযোগী ইয়ারুপকে গ্রেফতার করে। গত বৃহস্পতিবার সকালে প্রধান আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো: মেহেদি হাসান জানান, পলাতক অন্য তিন আসামিকে গ্রেফতার এবং চোরায় মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা।