জাবিতে ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে হতে পারে

Printed Edition

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ সময়কে সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি বলেন, কমিটির সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। কমিটি এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেয়ায় প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটি ভর্তি পরীক্ষার আনুষাঙ্গিক বিষয়াবলি সমন্বয় করবেন।

প্রোভিসি (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, এ বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

ভর্তি পরীক্ষার কেন্দ্র বাড়ানো কিংবা ইউনিটভিত্তিক পরীক্ষা নেয়ায় কোনো পরিবর্তন আসবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।