বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না কামিন্স

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। ৯ বছর পর ফের এই সংস্করণে এশিয়ার দলটির বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় অসিরা। মাঝে লম্বা সময় খেলা না হওয়ায় শান্ত বাহিনী সম্পর্কে তেমন একটা ধারণা নেই অসি অধিনায়ক প্যাট কামিন্সের। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না কামিন্স।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গতকাল ডারউইনে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে হাজির হন দুই দলের অধিনায়ক। সেখানেই বাংলাদেশের বর্তমান দল নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন কামিন্স। ‘আমি বাংলাদেশের বিপক্ষে কয়েকবার খেলেছি। যদিও বাংলাদেশের মাটিতে। অস্ট্রেলিয়ায় তাদের বিরুদ্ধে খেলা হয়নি। এখনো তাদের রেট করতে পারছি না, কয়েক সপ্তাহ পর বলতে পারব। তবে তাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। তারা এমন এক দল যারা প্রতিপক্ষকে নার্ভাস করে দিতে পারে।’

শক্তির বিচারে এই সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের জন্য পুরো পাঁচ দিন টিকে থাকাই হবে বড় চ্যালেঞ্জ। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না কামিন্স। তার মতে, অস্ট্রেলিয়াকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। ‘আমার মনে হয় না টেস্ট ম্যাচটি এত সহজ হবে। তারা বেশ শক্তিশালী দল। কয়েকজন খেলোয়াড় আছে যাদের বিপক্ষে আমরা আগে খেলিনি। গত কয়েক বছরে তারা অনেক মেধাবী খেলোয়াড় খুঁজে পেয়েছে। তাই ভালো লড়াই হবে। আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি। সিরিজকে ঘিরেই আমাদের সব মনোযোগ।’

একটি মজার তথ্য :

চট্টগ্রামে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ২০১ রানের রেকর্ডটি করেছিলেন বোলার জেসন গিলেস্পি।