রংপুরের পীরগাছায় শুক্রবার জুমার নামাজের পর এক অনন্য মানবিক দৃশ্য দেখা যায়। উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ ও রেলওয়ে স্টেশন এলাকার ভিক্ষুক, ছিন্নমূল ও অসহায় মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন একদল তরুণ। সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তারা দীর্ঘ দিন ধরে কাজ করছে। তরুণদের এই উদ্যোগের কেন্দ্রবিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক গ্রুপ ‘পীরগাছা বন্ধু মহল’। ২০২৩ সালে যাত্রা শুরু করা এই গ্রুপের সদস্য এখন ২৬ হাজারের বেশি। অনলাইন প্ল্যাটফর্ম হলেও তাদের কর্মকাণ্ড অফলাইনে মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। নলকূপ স্থাপন, ঘর মেরামত, মাসিক বাজার প্রদান, চিকিৎসা সহায়তা, এমন বিভিন্ন কাজে ইতোমধ্যে তারা প্রশংসা কুড়িয়েছে। সিনিয়র অ্যাডমিন এস এম মাসুদ রানা জানান, স্থানীয় তরুণদের মানবিক কাজে সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। ‘শুক্রবার শারমিন ও ইতালি প্রবাসী আনোয়ার হোসেনের সহযোগিতায় শতাধিক মানুষের এক বেলার খাবারের আয়োজন করেছি। তরুণদের হাতে দেখে সবাই অভিভূত,’ বলেন তিনি। মানুষের প্রতি সহমর্মিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে যেসব কাজে তরুণরা যুক্ত হচ্ছে, তা এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী উদ্যোগের নতুন দৃষ্টান্ত। পীরগাছার এই ক্ষুদ্র প্রয়াস দেখিয়ে দিচ্ছে, সম্প্রীতি ও মানবিকতার শক্তিই পারে সমাজকে বদলে দিতে। পীরগাছা (রংপুর) সংবাদদাতা।
অসহায় মানুষের পাশে একঝাঁক তরুণ
Printed Edition



