ক্রীড়া প্রতিবেদক
নতুন নতুন ইতিহাস গড়া মুহূর্তের সাক্ষী হয়ে আন্তর্জাতিক ফুটবলে শেষ হওয়ার পথে ২০২৫ সাল। বছরটিতে ছিল না ফুটবলের মেগা আসর বিশ্বকাপ, ইউরো বা কোপা আমেরিকার মতো আন্তর্জাতিক ফুটবলও। তার পরও ২০২৫ সালটা ছিল ফুটবল অঙ্গনে ঘটনাবহুল। উয়েফার বিভিন্ন প্রতিযোগিতাতেই গত ১২ মাসে মোট ১৮টি শিরোপা নির্ধারিত হওয়ার পথে মাঠের ভেতরে ও বাইরে জন্ম দিয়েছে অসংখ্য নতুন রেকর্ডের। যার মধ্যে সবচেয়ে বড় চমক ছিল ফ্রান্স লিগের দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্যারিসের ক্লাবটির আলমারিতে অবশেষে শোভা পাচ্ছে পরম আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বদৌলতে অপূর্ণতা ঘুচিয়েছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। বিদেশী কোচ নিয়োগ দিয়ে এবারই ‘প্রথম’-এর জন্ম দিলো ব্রাজিল ফুটবল কনফেডারেশন। বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে টানা তৃতীয়বারের মতো জায়গা না পাওয়ার শঙ্কা নিয়ে বছরটি শেষ করেছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি। বছরের সবচেয়ে আলোচিত ও উজ্জ্বলতম মুখ ছিলেন উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল। সব মিলে ফিরে দেখা যাক বছরটি কেমন ছিল বিশ্ব ফুটবল অঙ্গনে।
ক্লাব ফুটবলে ২০২৫ সালটি ছিল ফ্রান্স লিগ ওয়ানের দল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমাররা যা পারেননি, সেটাই করে দেখিয়েছেন উসমান দেম্বেলে ও খিচা কাভারাস্কেইয়ারা। প্রথমবারের মতো বহুল কাক্সিক্ষত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে লুইস এনরিকের দল। ফাইনালে তারা ৫-০ গোলে রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে। শুধু কি চ্যাম্পিয়ন্স লিগ, তারা একে একে জয় করেছে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ ওয়ান শিরোপা, উয়েফা সুপার কাপ। আর ইন্টার কন্টিনেন্টাল ট্রফি জয়ের মধ্য দিয়ে বছরের ইতি টেনেছে পিএসজি।
২০২৫ সালটি বলতে গেলে একার হয়ে ছিল পিএসজি তারকা উসমান ডেম্বেলের। ফ্রান্স এ ফরোয়ার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারায় লুইস এনরিকের দল, যা ফরাসি ক্লাব ফুটবলের জন্য বড় অর্জন। পিএসজির মতোই নিজের ক্যারিয়ারেও প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ফরাসি এ তারকা। মৌসুমজুড়ে দেম্বেলে ৩৫ গোল করার পাশাপাশি আরো ১৬ গোলে করছেন সহায়তা। বছরে ক্লাবটির ছয় শিরোপা জয়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেম্বেলের হাতে উঠেছে ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্টের পুরস্কার। পরশু দখলে নেন গ্লোব সকার বর্ষসেরার ট্রফি।
আন্তর্জাতিক ফুটবলে পুরো বছরই আলোচনায় ছিল পর্তুগাল। স্পেনকে দুর্দান্ত এক লড়াইয়ের পর টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগ জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশটি। নির্ধারিত সময়ের ২-২ সমতার পর টাইব্রেকারে জয় নিশ্চিত করে তারা। এটি পর্তুগালের দ্বিতীয় নেশন্স লিগ শিরোপা। নেশন্স লিগ জয়ের পাশাপাশি বছরটিতে অনূর্ধ্ব-১৭ ইউরো ও অনূর্ধ্ব-১৯ ফুটসাল ইউরোতেও চ্যাম্পিয়ন হয় পর্তুগিজরা।
পিএসজি ছেড়ে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ৩০ বছরের ইতিহাসে শিরোপার স্বাদ পায়নি মিয়ামি। এবার এমএলএসের ষোড়শ ক্লাব হিসেবে মিয়ামিকে ভিন্ন উচ্চতায় তুলে নিয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রে যোগ দিয়ে প্রথম বছর লিগ কাপ জিতলেও প্লে অফের কাছাকাছি পৌঁছতে পারেনি মিয়ামি। দ্বিতীয় বছর রেকর্ড ৭৪ পয়েন্ট নিয়ে সাপোর্টর্স শিল্ড জিতলেও অধরাই থেকে যায় লিগ শিরোপা। মেজর লিগ সকারের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি- ‘এমএলএস কাপ’। শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের হাত ধরেই সেই আক্ষেপ ঘুচিয়েছে ইন্টার মিয়ামি।
২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। তখন থেকেই কার্লো অ্যানচেলোত্তিকে সেলেকাওদের কোচ নিয়োগ নিয়ে গুঞ্জন ডালপালা মেলছিল। অবশেষে গত মে মাসে অবসান হয়েছে সব অপেক্ষার। ব্রাজিলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য প্রায় সব শিরোপা জেতা ইতালির মাস্টারমাইন্ড অ্যানচেলোত্তি। ব্রাজিলের ফুটবল ইতিহাসে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পাওয়া প্রথম বিদেশি কোচ তিনি। এখন তাকে ঘিরেই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ঘরে তুলতে স্বপ্ন বুনছে সেলেসাওরা।
ফুটবলের মেগা আসর বিশ্বকাপে ২০১৮ ও ২০২২ আসরের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ইতালি। এবারো সেই শঙ্কা দেখা দিয়েছে আজ্জুরিদের। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠতে না পারার শঙ্কা ঘিরে ধরেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও সরাসরি বাছাইপর্ব পেরোতে পারেনি ইতালি। খেলতে হবে প্লে-অফ।
গত ২০ ডিসেম্বর ছিল ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের ২৭তম জন্মদিন। দিনটি তিনি স্মরণীয় করে তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে ৫৯বার জালে বল প্রবেশ করিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন যৌথভাবে রোনালদো ও এমবাপ্পের। ২০১৩ সালে রিয়ালের জার্সিতে একই সংখ্যক গোল করেছিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমে বড় কোনো শিরোপা জিততে না পারলেও সর্বোচ্চ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে।
চলতি বছর সবচেয়ে বড় রোমাঞ্চকর ও আলোচিত দেশটি ছিল কুরাসাও। জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে তারা। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে জনসংখ্যায় দেশটির অবস্থান ১৮৯তম। দেশটির জনসংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৪৮৭।
মেয়েদের ফুটবলে ব্যালন ডি’অরের মতো বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জয়েও হ্যাটট্রিক করেছেন স্পেনের আইতানা বোনমাতি। নারী ফুটবলে একই সাথে ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জিতে হ্যাটট্রিক করার কীর্তি এ একটিই। আর বড় পরিসরে আয়োজিত প্রথম ক্লাব বিশ্বকাপে পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিসবনে বার্সেলোনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে আর্সেনাল। যুব ফুটবলেও ২০২৫ ছিল উল্লেখযোগ্য। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মরক্কো। আর বছরের শেষ দিকে আরব কাপে জর্ডানকে হারিয়ে শিরোপা ঘরে তুলে আফ্রিকার দেশটি।



