নাসিক কর্মীদের বেদম পেটাল হকাররা

Printed Edition

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে মারধর করেছে হকাররা।

সোমবার বিকেলে শহরের চাষাঢ়া প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে আসে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় সংঘবদ্ধভাবে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলা চালায় হকারদের একটি অংশ। এর আগে সকাল থেকেই শহরের চাষাঢ়া এলাকায় বিক্ষোভ করছিলেন হকাররা। দুপুরে মিছিল নিয়ে ডিসি অফিস ঘেরাও করতে যান তারা। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান শেষে পুনরায় চাষাঢ়ায় এসে অবস্থান নেন তারা। বিকেলে ফুটপাথে বস্তা বিছিয়ে হকাররা বসার চেষ্টা করলে তাদের বাধা দেন পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় হকারদের সাথে বাদানুবাদের এক পর্যায়ে হকাররা মারধর শুরু করলে পালিয়ে যান তারা। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ন্যক্কারজনক ঘটনা নগরবাসী প্রত্যক্ষ করেছে। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।