নিকলীতে বালুমহাল নেই, তবু রাতে উত্তোলন করা হচ্ছে বালু

Printed Edition

আহসানুল হক জুয়েল নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় কোনো সরকারি বালুমহাল না থাকলেও বিভিন্ন নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলার ধনু ও ঘোড়াউত্রা নদী, সিংপুর ইউনিয়নের ঘোড়াদিঘা, বোয়ালিয়া, পাগলার খাল এবং ছাতিরচরের সফরি কান্দাসহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত একাধিক ড্রেজারে প্রতিদিন বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হয়। পরে এসব বালু হাওরের ফসলি জমি, পুকুর ও নিচু জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন বেড়েছে বলে অভিযোগ করেছেন তারা। সিংপুর ইউনিয়নের উত্তরহাটি, পাতারকান্দি, বড়হাটি, মলাহাটি, ইসলামপুর ও বাজারহাটি এলাকায় নদীভাঙনে কয়েকটি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। সিংপুর বাজারসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের নদীতীর রক্ষা বাঁধও ঝুঁকিতে রয়েছে বলে স্থানীয়রা জানান।

অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে নিকলীতে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত ১৮ জুলাই ঘোড়াউত্রা নদীর সফরি কান্দায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কাসুম আলী (৬৫) নামের এক বিএনপি নেতা নিহত হন। এ ঘটনায় নিকলী থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে ২০২৫ সালের ১২ আগস্ট বালু উত্তোলন নিয়ে বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় অভিযান চালিয়ে ড্রেজার জব্দ ও শ্রমিকদের জরিমানা করলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, জরিমানার অর্থও প্রভাবশালী বালু ব্যবসায়ীরা পরিশোধ করেন। এরপর কিছুদিন পর একই ড্রেজার আবার নদীতে নামানো হয়। উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু বলেন, অপরাধের সাথে জড়িত কেউ বিএনপির কর্মী হলেও তাকে সাংগঠনিকভাবে ছাড় দেয়া হবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে সংঘাত আরো বাড়তে পারে।

তবে প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শহীদ উল্লাহ। তিনি বলেন, নিকলীতে কোনো সরকারি বালুমহাল নেই। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি বলেন, অভিযোগ পেলেই অভিযান পরিচালনা করা হয়। কিছুদিন ধরে অভিযোগ না পাওয়ায় বালু উত্তোলন বন্ধ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।