ভালুকায় নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা

Printed Edition

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় রোর ফ্যাশন লিমিটেড নামের একটি সুয়েটার কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, প্রায় দেড় মাসের বেতন বকেয়া রেখেই হঠাৎ কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে শ্রমিকদের কোনো ধরনের নোটিশ দেয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তারা।

ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় অবস্থিত কারখানাটিতে সর্বশেষ প্রায় ৭০ জন শ্রমিক কর্মরত ছিলেন। এর আগে কারখানাটিতে দেড় হাজার শ্রমিক কর্মরত ছিলেন এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা একাধিকবার আন্দোলন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন নিয়ে অনিশ্চয়তা চলছিল। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলেও পুরোপুরি পরিশোধ করা হয়নি। সর্বশেষ দেড় মাসের বেতন বকেয়া থাকা অবস্থায় কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

তাদের অভিযোগ, কারখানা বন্ধের আগে শ্রমিকদের যথাযথ কোনো নোটিশ দেয়া হয়নি। ফলে হঠাৎ কর্মস্থলে এসে কারখানা বন্ধের বিষয়টি জানতে পেরে অনেক শ্রমিক বিপাকে পড়েন। বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলা বা তাদের বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুল আজিজ জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নাম উল্লেখ করে খামের মাধ্যমে তার কাছে কিছু টাকা দিয়েছেন। তিনি ওইসব খাম শ্রমিকদের কাছে বণ্টন করছেন।