বিশেষ সংবাদদাতা
ভূমিকম্প থেকে জনগণকে রক্ষায় সরকারের এখনই জরুরিভিত্তিতে করণীয় ঠিক করা উচিত বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ বিষয়ে বলেন, এখন থেকে যদি রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ বর্তমান সরকার যদি জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করেন, পুরনো ঢাকার যে বিল্ডিংগুলোর কথা মনে মনে চিন্তা করেন আর তুরস্কে বা ইরানে যে ভূমিকম্প হয় বা আফগানিস্তানে যে ভূমিকম্প হয় সেটার চিন্তা করেন। তিনি বলেন, শুক্রবার সকালে ভূমিকম্পে নিশ্চয়ই ভাবার কোনো কারণ নেই যে আমরা খুব আরামে থাকার সম্ভাবনা আছে। কাজেই সার্বিকভাবে আমি সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাব। আর বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। জাহিদ বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ব্রাজিলে এবং সেখানে যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যেসব উন্নত দেশের রেসপন্ড ঠিক ততটুকু নাই। তিনি বলেন, জাতি ৫ আগস্টের পরে যেভাবে ঐক্যবদ্ধ ছিল আজকে যদি আমাদের মধ্যে বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের? লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের নির্বাচনের জন্য জনগণের রায় নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
মৎস্যজীবী উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমিরের সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্যসচিব কে এম সোহেল রানা ও উত্তরের সদস্যসচিব বাকি বিল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় মৎস্যজীবী দলের সদস্য সাবেক সচিব আবদুর রহিম, দক্ষিণের আহ্বায়ক শাহ আলমসহ নেতারা বক্তব্য রাখেন।
ভূমিকম্পে আহতদের দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক
ভূমিকম্পে দেয়াল ধসে নিহত স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৫২তম ব্যাচের ২য় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম ও গুরুতর আহত নুসরাত আক্তারকে দেখতে গতকাল মিটফোট হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মাজাহার শাহীন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা: জাকির হোসেন। ডা: মো: রফিকুল ইসলাম চিকিৎসাধীন নুসরাত আক্তারের শারীরিক অবস্থার খোঁজ নেন ও তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
একই দিনে ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হলের ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে সেখানে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম। তিনি চিকিৎসকদের কাছে হামীমের শারীরিক অবস্থার খোঁজ নেন।



