কাওরান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

Printed Edition
রাজধানীর কাওরান বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধনে একপক্ষ হামলা চালায় : নয়া দিগন্ত
রাজধানীর কাওরান বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধনে একপক্ষ হামলা চালায় : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাওরান বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে হামলাকারীদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এ ঘটনায় কারওয়ান বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।

গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে কাওরান বাজার কিচেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

জানা যায়, ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার পর ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে কিচেন মার্কেটের সামনে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান। তারপর ব্যবসায়ীরা কিচেন মার্কেটের সামনে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ করেন। এ ঘটনায় বেশ কিছু সময় এ এলাকায় উত্তেজনা বিরাজ করে।

হামলার বিষয়ে ব্যবসায়ীরা জানান, যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমান কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছে ৫ আগস্টের পর থেকে চাঁদা আদায় করছেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধনের আয়োজন করলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় আব্দুর রহমানের লোকজন। পরে মার্কেটের ব্যবসায়ীরা সবাই নেমে এসে হামলাকারীদের ধাওয়া দেন।

ব্যবসায়ীদের দাবি, পুলিশের সামনে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ আব্দুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসবেন বলেও হুঁশিয়ারি দেয়া হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিলও করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোমবার সন্ধ্যায় আব্দুর রহমান বলেন, ‘বেলায়েত আওয়ামী লীগের দোসর, দীর্ঘদিন ধরেই বাজারের বিভিন্ন কমিটিতে নিজের আধিপত্য ধরে রাখতে আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছে দলের সুনাম ক্ষুণœ করতে। আমাদের দীর্ঘদিনের ব্যবসা এখানে। নিজের নিয়ন্ত্রণ রক্ষা করতে আমাকে সরানোর জন্য এটা করেছে। আমি না থাকলে কমিটিতে তার প্রভাব থাকবে মনে করে।’

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম সন্ধ্যায় বলেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালে সেসময় একটি পক্ষ এসে অপরপক্ষের সাথে বাথগি¦তণ্ডা ও মারামারিতে জড়ায়। এতে কয়েকজন আহত হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এখন স্বাভাবিক রয়েছে।

তেজগঁাঁও থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল হান্নান বলেন, আব্দুর রহমান নামের একজনের বিরুদ্ধে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। আগেও তারা এমন মানববন্ধন করেছেন। সোমবারের মানববন্ধনের সময় আশপাশে পুলিশও ছিল। হঠাৎ অতর্কিতভাবে কয়েকজন এসে তাদের ব্যানার কেড়ে নিতে চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ঘটে। পরবর্তীতে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ব্যবসায়ীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার নিন্দা জামায়াতের

কারওয়ান বাজারে সিন্ডিকেটভিত্তিক চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, মানববন্ধনের শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসীদের বর্বর হামলা গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী। চাঁদাবাজির মতো ঘৃণ্য অপরাধ দমনে যেখানে রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব কার্যকরব্যবস্থা গ্রহণ করা, সেখানে প্রতিবাদরত নিরীহ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এ হামলায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

একই সাথে তিনি কারওয়ান বাজারসহ সারাদেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট প্রথা বন্ধে প্রশাসনের কার্যকর, নিরপেক্ষ ও দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করেন।