প্রথম আলো পবিত্র কাবা শরিফকে ব্যঙ্গ করেছে -তাহাফফুজে খতমে নবুওয়ত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পবিত্র কাবা শরিফকে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতাপূর্ণ কার্টুন প্রকাশ এবং বিশ্ব মুসলিমের হৃদস্পন্দন ও ঈমানি অনুভূতির ওপর আঘাত হানার তীব্র ক্ষোভ, কড়া প্রতিবাদ ও চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব বলেন, পবিত্র কাবা শরিফ বিশ্ব মুসলিমের ঈমান, আকিদা ও ঐক্যের সর্বোচ্চ পবিত্র স্থান। কাবার পবিত্রতা নিয়ে ব্যঙ্গ-বিদ্রƒপ বা তামাশা করার দুঃসাহস কোনো সচেতন মুসলমান কোনো অবস্থাতেই বরদাশত করবে না। প্রথম আলোর সাংবাদিক শিশির ভট্টাচার্য রাজনৈতিক বিরোধিতাকে কেন্দ্র করে পবিত্র কাবা শরীফকে ব্যঙ্গ করে যে হীন ও বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন, তা কোটি কোটি মুসলিম উম্মাহর ঈমানি অনুভূতিতে সরাসরি আঘাতহানার সমতুল্য অপরাধ।

বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী কঠোর ভাষায় আরো বলেন, রাজনৈতিক সমালোচনা ও মতপার্থক্য প্রকাশের একটা নৈতিক ও সভ্য সীমারেখা থাকে। কিন্তু রাজনৈতিক আক্রোশ মেটাতে গিয়ে ইসলামের সবচেয়ে পবিত্র প্রতীককে ব্যঙ্গচিত্রের অনুষঙ্গ বানানো এক চরম ধৃষ্টতা ও ঔদ্ধত্যের শামিল। কোনো সংবাদমাধ্যম বা সাংবাদিকের ছদ্মবেশে ইসলাম ও এর পবিত্র প্রতীকগুলোর ওপর আঘাত হানা হলে এ দেশের তৌহিদী জনতা তা নীরবে সহ্য করবে না।

বিবৃতিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের পক্ষ থেকে অবিলম্বে এই আপত্তিকর কার্টুন প্রত্যাহার, সংশ্লিষ্ট কার্টুনিস্ট ও কর্তৃপক্ষের প্রকাশ্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জোর দাবি জানানো হয়।