বিভিন্ন অভিযোগে ঢাবির ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক ও তিনজন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় পর তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে প্রাথমিক পর্যালোচনা ও প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।

গতকাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এ বি এম ওবায়দুল ইসলাম। সিন্ডিকেট সভায় আলোচিত অভিযোগগুলো মূলত প্রশাসনিক অনিয়ম, শৃঙ্খলাভঙ্গ, ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি এবং কিছু ক্ষেত্রে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বাংলা বিভাগের অধ্যাপক তাশরিক-ই-হাবিব।

সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, রেজিস্ট্রারের ব্যক্তিগত শাখার ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা এবং রেজিস্ট্রার অফিসের প্রশাসন-১ শাখার সহকারী রেজিস্ট্রার মোছাম্মৎ শারমিন জাহান। তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালনে অনিয়ম, দাফতরিক শৃঙ্খলা ভঙ্গ এবং কিছু ক্ষেত্রে ডকুমেন্টেশন ও প্রক্রিয়াগত ব্যবস্থাপনায় অসঙ্গতির বিষয় উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগগুলো এখনো তদন্তাধীন রয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত চলাকালে সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সাময়িক বরখাস্ত অবস্থায় থাকতে হবে এবং তারা কোনো প্রশাসনিক বা একাডেমিক দায়িত্বে থাকতে পারবেন না।