বগুড়া অফিস
বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি বাজার এলাকার জমাজমি নিয়ে সংঘর্ষে চয়ন রাজভর (৪০) নামের কোচিং সেন্টারের পরিচালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই নয়নসহ আরো দুইজন আহত হয়েছেন। নিহত চয়ন উপজেলার তুলা রাম রাজভরের ছেলে ও ফুলবাড়ি দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, ফুলবাড়ি বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে নিহত চয়নের সাথে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে চলমান বিবাদের জেরে শুক্রবার তারাবিহ নামাজের পর তাদের মধ্যে বাগি¦তণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় চয়ন রাজভর ছুরিকাঘাতে গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় চয়নের ভাই নয়ন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত আমিনুর ফকির সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।


