সীমান্তে কাঁটাতারের বেড়া খুলে ৪ জনকে দিনাজপুরে ঠেলে দিলো বিএসএফ

নওগাঁয় প্রতিরোধ বিজিবির

Printed Edition

নয়া দিগন্ত

দিনাজপুরে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া খুলে ভোরে চারজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় তারা নিজেদের বাংলাদেশী বলে দাবি করেন। এ ছাড়া নওগাঁর সাপাহারে নারী শিশুসহ ৯জনকে ভোরে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে সেই অপচেষ্টা সফল হয়নি। ফলে এসব ব্যক্তি সীমান্তের শূন্য রেখা বা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন।

দিনাজপুর প্রতিনিধি জানান, অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দিনাজপুরের বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকা থেকে চারজনকে বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল ভোর ৬টার দিকে সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি এলাকায় কাঁটা তারের বেড়া খুলে বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করায়। এ সময় স্থানীয় জনতা ও আনসার-ভিডিপির সদস্যরা এসে তাদের ভারতে পুশব্যাকের চেষ্টা করে। সাথে সাথে বিজিবিও চেষ্টা চালায়। কিন্তু অনুপ্রবেশকারীরা বাংলাদেশের নাগরিক বলে দাবি করেন। এ ঘটনার পর তাদের সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়ন পরিষদে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিজিবির ২৯ দিনাজপুর ব্যাটালিয়নের সিইও লে. কর্নেল আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

নওগাঁয় ৯ জনকে পুশইনের চেষ্টা

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯জনকে বাংলাদেশে পুশইন চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে সম্ভব হয়নি।

ফলে এসব ব্যক্তি সীমান্তের শূন্যরেখা ও নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছে বলে গতকাল সকালে নওগাঁ-১৬ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নো ম্যান্স ল্যান্ডে আমাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার আদালতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন এবং স্থানীয়দের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ওই ৯ জনসহ অবৈধভাবে বাংলাদেশে কাউকে ঢুকতে দেয়া হবে না। তাদের ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশ ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে গত ৫ জুন ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়।