বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের গানের ভুবনে স্টেজ শোতে এই সময়ে সবচেয়ে ব্যস্ততম সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা। ‘দুষ্টু কোকিল’ গানের তুমুল জনপ্রিয়তার কারণে দেশ বিদেশে তার স্টেজ শোয়ের ব্যস্ততা বেড়ে গেছে বহুগুণে। যে কারণে তার সমসাময়িক অন্যান্য শিল্পীর চেয়ে স্টেজ শোতে তার ব্যস্ততা অনেক বেশি। যেমন এরই মধ্যে গত দু’দিনও তিনি স্টেজ শোতে পারফর্ম করা নিয়ে ব্যস্ত ছিলেন। আজ পহেলা বৈশাখের দিন তিনি সকালে নরসিংদীতে এবং সন্ধ্যায় টাঙ্গাইল স্টেডিয়ামে সঙ্গীত পরিবেশন করবেন কনা। আগামীকাল তার জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর আর সকালটা বাবা মা ও পরিবারের অন্যদের সাথে উদযাপন করবেন তিনি। এরপর সন্ধ্যায় রাজধানীর কামাল আতাতুর্কে অবস্থিত শেরাটন হোটেলে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। অর্থাৎ জন্মদিনটাও তিনি গানে গানে ভক্ত শ্রোতা দর্শকের সঙ্গে কাটাবেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা বলেন, ‘বাংলা নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও আনন্দ। সবাই পরিবারের সাথে ভালো থাকুক, আনন্দে থাকুক। আর আমার এই মুহূর্তে টানা বেশ কয়েকটি স্টেজ শো রয়েছে। বিগত কয়েক দিন স্টেজ শোতে পারফর্ম করেছি, আজ এবং আগামীকালও স্টেজ শোতে পারফর্ম করব এবং আগামী টানা আরো দুই-তিন দিন স্টেজ শোতে ব্যস্ততা রয়েছে। একজন সঙ্গীতশিল্পী নতুন নতুন নিজের মৌলিক গান প্রকাশের পাশাপাশি স্টেজ শোতেও নিয়মিত গান গাইতে চান। সেদিক দিয়ে আমার পরম সৌভাগ্য যে প্রতিনিয়ত আমার নতুন মৌলিক গান প্রকাশিত হয়, আবার স্টেজ শোতেও আলহামদুলিল্লাহ বেশ ভালো ব্যস্ততা রয়েছে। আমার সাথে যারা সবসময় মিউজিশিয়ান হিসেবে আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ তারা আমার জন্য অনেক শ্রম দেন, কষ্ট করেন।’ গত ৭ জানুয়ারি বগুড়াতে অনুষ্ঠিত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুষ্টু কোকিল গানের জন্য সম্মাননায় ভূষিত হন।



