৫৫ বছরেও স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি মানুষ : শিবির সেক্রেটারি

রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি

Printed Edition

নিজস্ব প্রতবিদেক

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেছেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার আজ ৫৫ বছর পূর্ণ হলো।

স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি। বারবার আমাদের ওপর যে শাসকগোষ্ঠী চেপে বসেছে, তারা এই স্বাধীনতার টুঁটি চেপে ধরেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া বিশাল মিছিলটি পল্টন, প্রেস ক্লাব ও মৎস্যভবন মোড় হয়ে শহীদ হাদি চত্বরের (শাহবাগ) গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ম্যান্ডেটকে কোনো মূল্যায়ন করছে না, তারা মানুষের ভোটাধিকার নিয়ে তামাশা করছে।

আমরা দেখতে পাচ্ছি, তারা ‘জুলাই সনদ’কে বাদ দিতে চায়। বাংলাদেশের মানুষের গণরায়কে এভাবে ছুড়ে ফেলা যায় না।

তিনি আরো বলেন, জনতার রায় দিয়েই সংবিধান রচনা করতে হবে। আপনারা এদেশের শহীদের রক্তের সাথে বেঈমানি করছেন। বিএনপি নেতা ইলিয়াস আলীর রক্তের সাথেও আপনারা গাদ্দারি করছেন। আমরা আপনাদের বলতে চাই, আপনারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন।

দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় গণভোটের পক্ষে অবস্থান নিলেও বাস্তবে তার প্রতিফলন নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

এ ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহীসহ কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ।

এ ছাড়াও মিছিলে ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।