পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি ব্রিজ থেকে কাটাখালী প্রধান সড়কের মাঠাম গেটসংলগ্ন এলাকায় কপোতা নদ থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, উত্তোলিত বালু পাশের একটি গভীর ঘের ভরাটে ব্যবহার করা হচ্ছে, যেখানে ভবিষ্যতে ইটভাটা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের দখল ও ভরাটের কারণে এক সময়ের খরস্রোতা কপোতা নদ এখন নাব্যতা হারিয়ে সঙ্কীর্ণ খালে পরিণত হয়েছে। এর মধ্যেই প্রভাবশালী একটি চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে অবাধে বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, নদ থেকে পাইপলাইনের মাধ্যমে বালু এনে প্রায় চার থেকে পাঁচ একর আয়তনের একটি গভীর ঘের ভরাট করা হচ্ছে। একসময় মাছ চাষ ও পানি সংরণের গুরুত্বপূর্ণ জলাধার হিসেবে ব্যবহৃত এই ঘেরটি পরিকল্পিতভাবে ভরাট করে ইটভাটা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবেশবিদ ও সচেতন মহল বলছেন, অবৈধ বালু উত্তোলন ও জলাশয় ভরাটের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হবে। একই সাথে জলাবদ্ধতা বৃদ্ধি, কৃষিজমির উর্বরতা হ্রাস এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার মতো পরিবেশগত ঝুঁকি তৈরি হতে পারে।
এ ঘটনায় এলাকাবাসী ােভ প্রকাশ করে অবিলম্বে প্রশাসনের হস্তপে দাবি করেছেন। এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ‘কপোতা নদের স্বাভাবিক প্রবাহ নষ্ট করে বা অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’



